পঞ্চায়েত সমিতির চেক জাল, নালিশ
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর
চেক জাল করে পঞ্চায়েত সমিতির এক অ্যাকাউন্ট থেকে টাকা তোলার চেষ্টার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে কেশপুরে। শেষমেশ অবশ্য ব্যাঙ্ক কর্তৃপক্ষের তৎপরতায় টাকা তোলা যায়নি। কেশপুরের বিডিও মহম্মদ জামিল আখতার বলেন, “এমন একটি ঘটনা ঘটেছে। চেক জাল করে টাকা তোলার চেষ্টা হয়েছে। ব্যাঙ্কের মাধ্যমেই এই খবর পাই। তদন্ত চলছে। তদন্তে সব দিক খতিয়ে দেখা হচ্ছে।” ঘটনার সঙ্গে কোনও প্রতারণাচক্রের যোগ থাকতে পারে বলেও মনে করছে বিভিন্ন মহল। ঘটনাটি সপ্তাহ দেড়েক আগের। কেশপুর পঞ্চায়েত সমিতির একাধিক অ্যাকাউন্ট রয়েছে। এরই একটি বিআরজিএফ প্রকল্পের। এক রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের আনন্দপুর শাখায় এই অ্যাকাউন্ট থেকেই টাকা তোলার চেষ্টা হয়। এক রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের উত্তরপাড়া শাখায় একটি চেক জমা পড়ে। সবমিলিয়ে ১ লক্ষ ৮৮ হাজার ৭১ টাকা তুলতে চেয়েই ওই চেক জমা দেওয়া হয়। চেকটি দেখে ব্যাঙ্ক কর্তৃপক্ষের সন্দেহ হয়। তাঁরা বুঝতে পারেন, এটি জাল। উত্তরপাড়ার ওই ব্যাঙ্ক কর্তৃপক্ষ যোগাযোগ করেন আনন্দপুর ব্যাঙ্কে। পরে আনন্দপুরের ব্যাঙ্ক কর্তৃপক্ষ যোগাযোগ করেন কেশপুর পঞ্চায়েত সমিতিতে। চেক জমা পড়ার কথা জেনে নড়েচড়ে বসেন পঞ্চায়েত সমিতির কর্তারা। পরে খোঁজখবর নিয়ে তাঁরা জানিয়ে দেন, চেকটি পঞ্চায়েত সমিতির নয়। যে নম্বরের চেক জমা দেওয়া হয়েছে, সেই একই নম্বরের চেক পঞ্চায়েত সমিতির কাছে রয়েছে। অর্থাৎ উত্তরপাড়ার ব্যাঙ্কে জমা পড়া চেকটি জাল। সেটি পঞ্চায়েত সমিতির নয়। কেশপুরের বিডিও বলেন, “কে বা কারা প্রতারণা করারই চেষ্টা করেছে। পঞ্চায়েত সমিতির কাছে আসল চেকটি রয়েছে। একই নম্বরের জাল চেক বানিয়ে উত্তরপাড়ার এক ব্যাঙ্কে জমা দেওয়া হয়।”
বেহাল রাস্তা মেরামতির দাবি
নিজস্ব সংবাদদাতা • তমলুক
বিপজ্জনক। সংস্কারের অভাবে বেহাল মারিশদা থেকে সুনিয়া যাওয়ার রাস্তা। সোহম গুহর তোলা ছবি।
তমলুক শহরের তালপুকুরের কাছে হলদিয়া-পাঁশকুড়া রেললাইন ও হলদিয়া-মেচেদা রাজ্য সড়কের রেল ক্রসিংয়ে রাস্তার অবস্থা বেহাল। বাস, ট্রাক, ট্যাক্সি-সহ বিভিন্ন গাড়ি চালচল বিপজ্জনক হয়ে উঠেছে বলে অভিযোগ। বেহাল রাস্তা মেরামতির দাবি জানিয়ে সোমবার নন্দকুমার ব্লক কংগ্রেসের তরফে রেল দফতরের বিভাগীয় বাস্তুকারের কাছে স্মারকলিপি দেওয়া হয়েছে। নন্দকুমার পশ্চিম ব্লক কংগ্রেস সভাপতি অরূপ ভৌমিকের অভিযোগ, “তমলুক শহর থেকে হলদিয়াগামী সড়কে তালপুকুরের কাছে রেলের দু’টি লাইন রয়েছে। কিন্তু এখানে রেল লাইনের ক্রসিং সংলগ্ন সড়কের রাস্তায় পিচ উঠে গিয়ে বেহাল হয়ে রয়েছে। এরফলে যে কোনও সময় বড় দুর্ঘটনা ঘটতে পারে।” রেল ক্রসিং সংলগ্ন রাস্তা মেরামতের জন্য ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে দক্ষিণ-পূর্ব রেলের তমলুকের বিভাগীয় বাস্তুকারের কাছে স্মারকলিপি দেওয়া হয়। দফতরের আধিকারিক এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।
দুর্ঘটনায় মৃত্যু
নিজস্ব সংবাদদাতা • তমলুক
সড়কে গাড়ি আটকে দোলের চাঁদা আদায়ের সময় লরি চাপায় মৃত্যু হল এক যুবকের। রবিবার বিকেল সাড়ে চারটে এই দুর্ঘটনা ঘটেছে পূর্ব মেদিনীপুরের তমলুক থানার ফুলতলা বাসস্টপেজের কাছে তমলুক-পাঁশকুড়া রাজ্য সড়কে। পুলিশ জানিয়েছে, মৃতের নাম কেশব মাইতি (২২)। দুর্ঘটনার পর এলাকার ব্যাপক উত্তেজনা দেখা দেয়। পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়না-তদন্তের জন্য পাঠায়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মেলাহাইত ও চনশরপুর বাজারের মাঝে ফুলতলা বাসস্টপেজের কাছে বিভিন্ন গাড়ি আটকে দোলের চাঁদা তুলছিল একদল যুবক। সেই সময় পাঁশকুড়া থেকে তমলুকগামী একটি বালি বোঝাই লরি যাওয়ার পথে সড়কের ধারে দাঁড়িয়ে থাকা ওই চাঁদা আদায়কারীদের মধ্যে থাকা কেশবকে ধাক্কা মারে। পুলিশ জানিয়েছে দুর্ঘটনায় যুক্ত লরির চালক পলাতক। লরিটি আটক করা হয়েছে।
জেল হেফাজতে সারদা-আধিকারিক
নিজস্ব সংবাদদাতা • কাঁথি
সারদা রিয়েলিটির নামে টাকা সংগ্রহ করে গ্রাহকদের প্রতারণার অভিযোগে ধৃত সারদা আধিকারিক অনিল হোতাকে একটি মামলায় ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিল আদালত। তবে অন্য একটি মামলায় জামিন পেয়েছেন তিনি। কাঁথি আদালতের সরকারি আইনজীবী অনিল সাহু জানান, কাঁথির বাসিন্দা সুপ্রীতি দাস অনিল হোতা-সহ সাতজনের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ দায়ের করেছিলেন। রবিবার ধরা পড়েন অনিল। সোমবার ধৃতকে এক হাজার টাকার জামিনে অনিলকে জামিনের নির্দেশ দেন বিচারক। অন্য দিকে, কাঁথি শহরের কিশোরনগরের বাসিন্দা জয়দেব মণ্ডল ২০১৩ সালের ৪ জুন অনিল হোতা, সুদীপ্ত সেন সহ ১১জনের বিরুদ্ধে কাঁথি থানায় প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগ দায়ের করেন। তার ভিত্তিতে অনিলের ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ হয়।
সুশীল ধাড়ার জন্মদিন পালন
নিজস্ব সংবাদদাতা • মহিষাদল
সুশীল ধাড়া স্মরণ মহিষাদলে।
স্বাধীনতা সংগ্রামী সুশীলকুমার ধাড়ার ১০৫ তম জন্মদিবস পালিত হল মহিষাদলে। সোমবার এই উপলক্ষে মহিষাদলের প্রজ্ঞানানন্দ ভবনে মহিষাদল পঞ্চায়েত সমিতি ও স্বামী প্রজ্ঞানানন্দ স্মৃতিরক্ষা সমিতির যৌথ উদ্যোগে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ দিন বিকেলে উৎসবের সমাপ্তি অ নুষ্ঠানে উপস্থিত ছিলেন তমলুকের সাংসদ শুভেন্দু অধিকারী, মহিষাদলের স্বাধীনতা সংগ্রামী চিত্তরঞ্জন সামন্ত, মহিষাদল পঞ্চায়েত সমিতির সভাপতি শিউলি দাস, মহিষাদল পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি তিলক চক্রবর্তী, মহিষাদলের বিডিও তন্ময় বন্দ্যোপাধ্যায় প্রমুখ।
খুনে অভিযুক্তদের জামিন বাতিলের আবেদন
খাবার দোকানের কর্মী বিমল মাহাতোর মৃত্যুর পরে এ বার মারধরের মামলায় খুনের ধারা (৩০২) যুক্ত করার জন্য পুলিশের আবেদন মঞ্জুর করল আদালত। সোমবার ঝাড়গ্রাম প্রথম এসিজেএম আদালতের বিচারক কৃষ্ণমুরারিপ্রসাদ গুপ্ত পুলিশের আবেদন মঞ্জুর করেন। আগে জামিনযোগ্য ধারায় মামলাটি রুজু করেছিল পুলিশ। ফলে, দশ জন অভিযুক্তের মধ্যে ৯ জন আগেই আদালত থেকে জামিনে ছাড়া পেয়ে যায়। অভিযুক্তদের জামিন বাতিল করার জন্য এ দিন আদালতে আবেদন জানায় পুলিশ। তবে বিচারক এ দিন ওই আবেদনের শুনানি করেননি। মৃত বিমলবাবুর পারিবারিক আইনজীবী দেবনাথ চৌধুরী বলেন, “খুনের ধারা যুক্ত হওয়ায় মামলাটি এখন জামিন অযোগ্য হয়ে গেল।” আইনজীবী মহলের একাংশের বক্তব্য, অভিযুক্তরা আগে জামিন পেয়ে গিয়েছে। ফলে, অভিযুক্তদের জামিন বাতিল না হলে পুলিশ পুনরায় তাদের গ্রেফতার করলে আইনি জটিলতার সৃষ্টি হবে। পুলিশের তরফে অবশ্য কেউ এ বিষয়ে মন্তব্য করেননি। আজ, মঙ্গলবার রাজডিহি গ্রামে একটি নাগরিক শোক মিছিল করা হবে বলে জানিয়েছেন বিমলবাবুর পরিজন ও শুভানুধ্যায়ীরা। গত বুধবার ঝাড়গ্রাম মিনি চিড়িয়াখানা এলাকায় চাহিদামতো সিগারেট না-পেয়ে দোকানদারকে মারধর করার অভিযোগ উঠেছিল স্কুল পড়ুয়াদের বিরুদ্ধে। খাবার দোকানটির মালিক প্রদীপ মাহাতোকে মার খেতে দেখে বাঁচাতে ছুটে এসেছিলেন তাঁর কাকা বিমল মাহাতো। টেবিলের ভাঙা পায়া দিয়ে বিমলবাবুকে বেধড়ক মারা হয় বলে অভিযোগ। মাথায় গুরুতর চোট পান তিনি। দু’দিনের মাথায় শুক্রবার এসএসকেএমে মৃত্যু হয় প্রহৃত বিমলবাবুর।
মারধর, ছিনতাইয়ের অভিযোগে গ্রেফতার এক
এক ব্যক্তিকে মারধরের ঘটনায় জড়িত থাকার অভিযোগে এক যুবককে গ্রেফতার করল পুলিশ। শনিবার রাতে পাঁশকুড়ার প্রতাপপুরের ঘটনা। পুলিশ জানিয়েছে, ধৃতের নাম অতনু দত্ত। তাঁর বাড়ি প্রতাপুরের কাছে রানিহাটি গ্রামে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার রাতে প্রতাপুরের কাছে স্থানীয় বাসিন্দা সৌম্য দেওয়ান নামে এক ব্যক্তিকে মারধর করে তাঁর মোটরবাইক ছিনতাই করে একদল যুবক। আহত ওই ব্যক্তিকে পাঁশকুড়া ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়। ওই ঘটনার কিছুক্ষণ পরে এ দিন রাতেই প্রতাপপুরের একটি চায়ের দোকানে বসে জেলা যুব তৃণমূল সভাপতি আনিসুর রহমান তাঁর সঙ্গীদের সঙ্গে কথা বলছিলেন। অভিযোগ, সেই সময় দোকানের সামনে এক দল দুষ্কৃতী বোমাবাজি করে পালায়। দুষ্কৃতীদের ছোঁড়া একটি বোমা ফাটলেও আরেকটি বোমা ফাটেনি বলে অভিযোগ। ঘটনার অভিযোগ পেয়ে রাতেই পাঁশকুড়া থানার পুলিশ গিয়ে ওই বোমা উদ্ধার করে। দু’টি ঘটনাতেই জড়িত দষ্কৃতীদের ধরতে তদন্ত শুরু করে পুলিশ। তদন্ত চালিয়ে রবিবার রাতে সৌম্য দেওয়ানকে মারধর ও তাঁর মোটরবাইক ছিনতাইয়ের ঘটনায় জড়িত থাকার অভিযোগে অতনু দত্ত নামে এক যুবককে গ্রেফতার করেছে। পুলিশ জানিয়েছে, ঘটনায় জড়িত অন্যদের গ্রেফতার করতে তদন্ত চালানো হচ্ছে।
লক্ষাধিক টাকার মোবাইল চুরি
দোকানের দরজা ভেঙে প্রায় লক্ষাধিক টাকার মোবাইল ফোন চুরির অভিযোগ উঠেছে দুষ্কৃতীদের বিরুদ্ধে। রবিবার রাতে কোলাঘাট থানার মেচেদা বাজারের বিদ্যাসাগর রোডের ঘটনা। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মেচেদা পুরাতন বাজারের কাছে বিদ্যাসাগর রোডের ধারে ওই মোবাইল দোকান রয়েছে অশোক মণ্ডলের। রবিবার রাতে দোকান বন্ধ করে বাড়ি চলে যান তিনি। গভীর রাতে ওই মোবাইল দোকানের টিনের চাল খুলে দুষ্কৃতীরা ভিতরে ঢুকে বেশ কিছু মোবাইল ফোনের সেট চুরি করে পালায় বলে অভিযোগ। সোমবার সকালে ওই চুরির ঘটনা নজরে আসার পর কোলাঘাট থানায় অভিযোগ দায়ের করেন দোকান মালিক অশোকবাবু। পুলিশ জানিয়েছে, দুষ্কৃতীদের ধরতে তদন্ত শুরু হয়েছে।
ক্রীড়াবিদকে সহায়তা
নিজস্ব সংবাদদাতা • খড়্গপুর
ক্রীড়াবিদ্ মণিকা সরেনকে ১০ হাজার টাকা আর্থিক সহায়তা করার সিদ্ধান্ত নিয়েছে পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদ। জেলা পরিষদের নিজস্ব তহবিল থেকে এই সহায়তা দেওয়া হবে। এ বার ব্যাঙ্ককে অনুষ্ঠিত এশিয়া কাপের তিরন্দাজি প্রতিযোগিতায় যোগ দেবেন নয়াগ্রামের মণিকা। এখন তিনি প্র্যাকটিসের জন্য দিল্লির ক্যাম্পে রয়েছেন। জেলা পরিষদের শিক্ষা-সংস্কৃতি-তথ্য ও ক্রীড়া স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ শ্যামপদ পাত্র বলেন, “মণিকা ইতিমধ্যে জাতীয়স্তরে কিছু পদক পেয়েছে। জেলা পরিষদের পক্ষ থেকে সামান্য সহায়তা দেওয়া হচ্ছে।” গত ২১-২৪ জানুয়ারি অসমের গুয়াহাটিতে অনুষ্ঠিত হয় জাতীয় বিদ্যালয় তিরন্দাজি প্রতিযোগিতা। ওই প্রতিযোগিতায় মণিকা ব্যক্তিগত ভাবে তৃতীয় স্থান অর্জন করেন।
সাহায্যের হাত
পথ দুর্ঘটনায় নিহত এক সিভিক ভলান্টিয়ারের পরিবারকে অর্থ সাহায্য করলেন সহকর্মীরা। জামবনি থানার সিভিক ভলান্টিয়ার-রা নিজেরা চাঁদা দিয়ে ওই অর্থ সাহায্য করেছেন। সোমবার দুপুরে জামবনির কাদোপিন্ড্রা গ্রামের বাসিন্দা মৃত সিভিক ভলান্টিয়ার শুকদেব মাহাতোর বাড়িতে গিয়ে তাঁর মা সুভাষিণীদেবীর হাতে অর্থ সাহায্য তুলে দিলেন সিভিক ভলান্টিয়াররা।
শিশু খুনে ধৃত
ঝাড়গ্রামের মানিকপাড়ায় পাঁচ বছরের শিশু কন্যার উপর যৌন নির্যাতন চালিয়ে খুনের অভিযোগে এক যুবককে গ্রেফতার করল পুলিশ। ধৃত বছর ছাব্বিশের লক্ষ্মণ মাণ্ডির বাড়ি বিনপুরের মুড়াবনি গ্রামে। কয়েক দিন আগে সে ঝাড়গ্রামের মানিকপাড়ার ঠাকুরথান গ্রামে শ্বশুরবাড়িতে এসেছিল। লক্ষ্মণ সম্পর্কে ওই শিশুটির পরিবারের জামাই। পুলিশের দাবি, জেরায় লক্ষ্মণ শিশুটির উপর নির্যাতনের কথা স্বীকার করেছে। এরপরই সোমবার বিকেলে লক্ষ্মণকে গ্রেফতার করা হয়। আজ, মঙ্গলবার লক্ষ্মণকে ঝাড়গ্রাম আদালতে তোলা হবে।
দুর্ঘটনায় জখম
বাসের সঙ্গে গাড়ির সংঘর্ষে জখম হলেন গাড়ির চালক। সোমবার দুপুরে কাঁথির কৃষ্ণচকে কাঁথি-এগরা সড়কের এই দুর্ঘটনায় জখমকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় কাঁথি মহকুমা হাসপাতালে। এ দিন দুপুরে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে বাসটিকে ধাক্কা মারলে দুর্ঘটনাটি ঘটে।
কর্মিসভা
বিজেপি-র এগরা-১ ব্লক যুব মোর্চার উদ্যোগে কুদিতে অনুষ্ঠিত হল কর্মিসভা। শনিবার কুদি পুরাতন প্রাথমিক বিদ্যালয়ের সভাঘরে আয়োজিত কর্মিসভায় যোগ দেন কয়েকশো সমর্থক। যভাষণ দেন পূর্ব মেদিনীপুর জেলা বিজেপি সভাপতি তপন কর, জেলা বিজেপি সহ-সভানেত্রী মিনতি শূর প্রমুখ।
অনুষ্ঠান
পটাশপুর-২ ব্লকের টিকরাপাড়া অম্বিকাময়ী উচ্চতর বিদ্যালয়ের ৭৫ তম বর্ষ পূর্তি অনুষ্ঠান সূচনা হল শনিবার। স্কুল প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলন করেন প্রধান শিক্ষক অশোক সাউ। স্কুলের প্রাক্তন ছাত্র অমূল্যরতন ওঝা প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের সূচনা করেন।