Advertisement
E-Paper

টুকরো খবর

গাড়ির পিছনের আসনে বসে বিধায়ক। আচমকাই অপরিচিত এক যুবক উঠে বসল চালকের আসনে। গাড়ি চালিয়ে বেশ কিছুটা চলেও গেল। বিধায়ক বাধা দেওয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে একটি ছোট গাড়ি ও পরে মোটর বাইকে ধাক্কাও মারল যুবকটি। শনিবার সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ ঘটনাটি ঘটে মেদিনীপুরের কেরানিতলায়।

শেষ আপডেট: ০৩ অগস্ট ২০১৪ ০১:৪৩

বিধায়কের গাড়িতে উঠে আটক যুবক
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর

গাড়ির পিছনের আসনে বসে বিধায়ক। আচমকাই অপরিচিত এক যুবক উঠে বসল চালকের আসনে। গাড়ি চালিয়ে বেশ কিছুটা চলেও গেল। বিধায়ক বাধা দেওয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে একটি ছোট গাড়ি ও পরে মোটর বাইকে ধাক্কাও মারল যুবকটি। শনিবার সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ ঘটনাটি ঘটে মেদিনীপুরের কেরানিতলায়। স্থানীয় বিধায়ক তথা মেদিনীপুর-খড়্গপুর উন্নয়ন পর্ষদ (এমকেডিএ)-এর চেয়ারম্যান মৃগেন মাইতির গাড়িতে উঠে পড়া অজ্ঞাতপরিচয় যুবকটিকে আটক করেছে পুলিশ। এ দিন এমকেডিএ-র গাড়িতে ছিলেন মৃগেনবাবু। চালক সৌমিত্র অধিকারী গিয়েছিলেন কচুরি কিনতে। চাবি ছিল গাড়িতে। মৃগেনবাবু বলেন, “হঠাৎ ভবঘুরে একটা লোক গাড়িতে উঠে স্টার্ট দিল। আমি জাপটে ধরলাম। ও বেসামাল হয়ে গাড়ি চালাতে লাগল। একটা গাড়ি ও মোটর বাইকে ধাক্কাও মারল।” গাড়ি ও বাইকের আরোহীরা অল্পবিস্তর জখম হন। পুলিশ এসে বছর তিরিশের যুবককে আটক করে। তার পরিচয় জানার চেষ্টা চলছে।

পড়শি বধূকে ধর্ষণের নালিশ, গ্রেফতার যুবক

পড়শি তরুণীকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার হল এক যুবক। ওই বছর পঁচিশের ওই তরুণী বিবাহিতা। তাঁর স্বামী ট্রেনের হকার। শুক্রবার রাতে ঘটনাটি খড়্গপুর টাউন থানা এলাকার ভবানীপুরের। অভিযুক্ত রাজেশ দাসকে গ্রেফতার করা হয়েছে শনিবার। এ দিন মেদিনীপুর জেলা আদালতে হাজির করা হলে ধৃতর তিন দিন পুলিশ হেফাজতের নির্দেশ হয়। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, আদতে পুরুলিয়ার বান্দোয়ানের বাসিন্দা বছর বত্রিশের রাজেশ দাস কাঠের মিস্ত্রির কাজ করেন। বছর পাঁচেক হল খড়্গপুরে আছেন তিনি। কিছুদিন ধরেই ওই তরুণীকে নিয়ে রাজেশ ও তরুণীর স্বামীর গোলমাল চলছিল। সাইকেলে ধাক্কা লাগা নিয়ে সম্প্রতি দু’জনের বচসাও হয়। ধর্ষিতার স্বামীর অভিযোগ, শুক্রবার রাতে কাজ সেরে বাড়ি ফিরে তিনি দেখেন, রাজেশ তাঁর স্ত্রীকে ধর্ষণ করছে। রাতেই থানায় ধর্ষণের অভিযোগ দায়ের হয়। শনিবার ধরা পড়েন রাজেশ। ২০১১ সালে মাওবাদী নামাঙ্কিত পোস্টার সাঁটানোর মামলাতেও নাম জড়িয়েছিল রাজেশের। সেই ঘটনার কিনারা করতে পারেনি পুলিশ। এ দিন নিজেকে তৃণমূল কর্মী বলে দাবি করে রাজেশ জানান, তাঁকে মিথ্যা মামলায় ফাঁসানো হচ্ছে। দলের খড়্গপুর শহর সভাপতি দেবাশিস চৌধুরী অবশ্য বলেন, “ওই নামে ওই এলাকায় কোনও যুবক আমাদের দলে আছে বলে জানা নেই।”

জলে ডুবে মৃত্যু দুই স্কুল পড়ুয়ার

স্কুলে যাওয়ার পথে পুকুরে পড়ে গিয়ে মৃত্যু হল দুই প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীর। শনিবার রামনগর থানার রানিসাই গ্রামের ঘটনায় মৃতরা হল রীনা টুডু (৯) ও তপন টুডু (৮)। প্রতিদিনের মতই শনিবারও পুকুরের পাশ দিয়ে স্কুলে পথে যাচ্ছিল রীনা ও তপন। আচমকাই পা পিছলে পুকুরে পড়ে যায় তপন। সেই সময় সে রীনার হাত ধরে ফেললে রীনাও টাল সামলাতে না পেরে পুকুরে পড়ে যায়। পেছন থেকে আসা আর এক ছাত্র ঘটনাটি দেখতে পেয়ে গ্রামে গিয়ে ঘটনাটি জানায়। গ্রামবাসীরা পরে পুকুরে নেমে ওই দুই শিশুর নিথর দেহ উদ্ধার করে।

দিঘায় মৃত যুবক

সমুদ্রস্নানে নেমে ডুবে মৃত্যু হল এক যুবকের। শনিবার দুপুরের পুরাতন দিঘার এই ঘটনায় মৃতের নাম তুহিন সাহা (৩০)। তিনি কলকাতার যাদবপুরের সুকান্তপল্লির বাসিন্দা। জখম হয়েছেন সঙ্গী প্রদীপ মাল নামে এক যুবকও। তিনি কাঁথি মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। শনিবার দুপুরে বন্ধুর সঙ্গে সমুদ্রে নামেন তুহিনবাবু। আচমকা জলের স্রোতে ভেসে যান দুজনই। নুলিয়াদের সাহায্যে তাঁদের উদ্ধার করে দিঘা স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তুহিনবাবুকে মৃত বলে ঘোষণা করেন।

বাজ পড়ে মৃত্যু

বাজ পড়ে মৃত্যু হল এক যুবকের। শনিবার বিকেলে ভূপতিনগরের বরোজ গ্রাম পঞ্চায়েতের এই ঘটনায় মৃতের নাম শশাঙ্ক বেরা (২৪)। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এ দিন নিজের জমিতে চাষের সময় বজ্রাহত হন তিনি। তাঁকে কাঁথি মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত বলে জানান।

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy