পুজোর আগেই কাজ শুরু হয়ে গেল ঘাটালের পরিবহণ দফতরের অফিসে। মন্ত্রী হওয়ার পরই শুভেন্দু অধিকারী জানিয়ে দিয়েছিলেন, ওই অফিস দ্রুত চালু করা হবে। কিন্তু কর্মী নিয়োগের সমস্যা ছিল। সে সমস্যাও মিটে গিয়েছে। মহালয়ার আগেই বৃহস্পতিবার রেজিস্ট্রেশন হয়েছে একটি মোটরবাইকের। পুজোর আগে অফিস খোলায় খুশি স্থানীয়রা।
ঘাটালে পরিবহণ দফতরের একটি অফিস চালু করার দাবি ছিল দীর্ঘদিনের। এ জন্য আবেদন, আন্দোলনও কম হয়নি। গত বছর মহকুমা সদরে সেই অফিস চালু হয়েছিল। কিন্তু অফিস বসত সপ্তাহে মাত্র একদিন। মহকুমাশাসকের দফতরের একটি ছোট ঘরে চলত শুধু লাইসেন্সের আবেদন জমা নেওয়া এবং প্রাথমিক লাইসেন্স দেওয়ার কাজ। মোটর বাইক থেকে চার চাকা গাড়ি বা বাস, লরির কোনও কাজ করতে হলে যেতে হত ৭০ কিলোমিটার দূরে মেদিনীপুরে।
পরিবহণ মন্ত্রী শুভেন্দু অধিকারীর উদ্যোগেই এ বছর পূর্ণাঙ্গ ভাবে অতিরিক্ত পরিবহণ দফতরের অফিস চালু হল। ঘাটালের মহকুমাশাসক পিনাকীরঞ্জন প্রধান বলেন, “অতিরিক্ত পরিবহণ আধিকারিক-সহ চার জন কর্মী নিয়োগ করা হয়েছে। ঘাটাল মহকুমাশাসকের দফতরের একটি ভবন পরিবহণ দফতরের অফিসের জন্য বরাদ্দ হয়েছে।’’ অতিরিক্ত পরিবহণ আধিকারিক অমিত দত্ত বলেন, ‘‘এ বার থেকে সমস্ত সরকারি কাজের দিনে অফিস খোলা থাকবে। শুধু লাইসেন্স নয়, সংশ্লিষ্ট দফতরের যাবতীয় কাজই এখান থেকেই হবে।” বলা বাহুল্য এতে কমবে মহকুমার মানুষের হয়রানি।