চোর সন্দেহে গ্রামবাসীদের তাড়ায় পালাতে গিয়ে বাইক থেকে পড়ে মৃত এক যুবক। গুরুতর আহত আরও একজন। সোমবার গভীর রাতে ঘটনাটি ঘটে পশ্চিম মেদিনীপুরের পিংলা ব্লকের পিন্ডরুই অঞ্চলের উপলদায়। মৃতের নাম শেখ জ়াকির। তাঁর বাড়ি পূর্ব মেদিনীপুরের ময়না থানার বসনচক গ্রামে। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।
আরও পড়ুন:
স্থানীয় সূত্রে খবর, গত কয়েক দিন ধরে উপলদা এলাকায় চুরির ঘটনা ঘটছিল। চোর ধরার জন্য গ্রামবাসীরা প্রস্তুতি নিয়ে রেখেছিলেন। সোমবার গভীর রাতে পাঁশকুড়ার দিক থেকে একটি বাইকে করে উপলদার দিকে আসছিলেন দুই যুবক। অভিযোগ, তাঁদের চোর সন্দেহে তাড়া করেন গ্রামবাসীরা। বাইক নিয়ে পালানোর সময় নিয়ন্ত্রণ হারিয়ে বাইক থেকে ছিটকে পড়েন দু’জন। মঙ্গলবার সকাল সাড়ে সাতটা নাগাদ ঘটনার খবর পেয়ে পিংলা থানার পুলিশ দুই যুবককে উদ্ধার করে ডেবরা হাসপাতালে পাঠায়। সেখানে এক যুবকের মৃত্যু হয়। আর একজন আশঙ্কাজনক অবস্থায় ভর্তি ওই হাসপাতালে। উপলদা এলাকায় উত্তেজনা থাকায় মোতায়েন রয়েছে বিশাল পুলিশ বাহিনী। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।