Advertisement
E-Paper

বিধায়কের জন্মদিনে নিমন্ত্রিত হয়ে কেক খেয়ে এলেন ওসি, শুরু রাজনৈতিক তরজা

তৃণমূল বিধায়কের জন্মদিনে উপস্থিত হয়ে বিতর্কে নারায়ণগড় থানার ওসি। এই বিতর্ক নিয়ে কী প্রতিক্রিয়া দিলেন ওই পুলিশ আধিকারিক এবং তৃণমূল বিধায়ক?

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২১ নভেম্বর ২০২২ ২২:৫১
তৃণমূল নেতাদের পাশাপাশি বিধায়কের জন্মদিনে হাজির স্থানীয় ওসি। তাই নিয়ে কটাক্ষ করেছে বিজেপি।

তৃণমূল নেতাদের পাশাপাশি বিধায়কের জন্মদিনে হাজির স্থানীয় ওসি। তাই নিয়ে কটাক্ষ করেছে বিজেপি। —নিজস্ব চিত্র।

তৃণমূল বিধায়কের জন্মদিনে হাজির ছিলেন পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড় থানার ওসি। বিধায়কের কাটা কেকও খান তিনি। সেই ছবি ছড়িয়ে পড়তেই জেলায় শুরু রাজনৈতিক বিতর্ক। ভাইরাল ভিডিয়ো নিয়ে শাসক দল এবং পুলিশের ‘সম্পর্ক’ কটাক্ষ করে প্রচারে নেমেছে বিজেপি। তবে এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন।

নারায়ণগড়ের তৃণমূল বিধায়ক সূর্যকান্ত অট্টের জন্মদিন ছিল রবিবার। জন্মদিন অনুষ্ঠানে দলের নেতা কর্মীরা তো বটেই আমন্ত্রিত ছিলেন নারায়ণগড় থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক আনিসুর রহমানও। তার ছবি এবং ভিডিয়ো ভাইরাল হয়েছে সমাজমাধ্যমে। ওই ভিডিয়োয় দেখা যায় বেলদা বাজারে বিধায়ক কার্যালয়ে সূর্যকান্ত অট্টের জন্মদিন পালিত হচ্ছে। সেখানে উপস্থিত রয়েছেন স্থানীয় থানার পুলিশ আধিকারিকও। তাঁকে কেক কাটার সময় হাততালি দিতে দেখা যায়। তার পরেই দানা বেঁধেছে বিতর্ক।

এই ভাইরাল ভিডিয়ো এবং ছবি প্রসঙ্গে বিজেপির পশ্চিম মেদিনীপুর জেলা বিজেপির সাধারণ সম্পাদক গৌরীশঙ্কর অধিকারী বলেন, ‘‘আমরা বিরোধীরা বরাবর দাবি করে এসেছি যে পুলিশ প্রশাসন তৃণমূলের দলদাস হয়ে কাজ করছে। গতকালের (রবিবার) যে ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন, এটা অন্তত আমাদের কাছে নতুন নয়। এখন জনগণ দেখুন কী ভাবে পুলিশ নির্লজ্জের মতো তৃণমূল বিধায়কের কার্যালয়ে বিধায়কের জন্মদিনে পালন করতে উপস্থিত হয়েছেন।’’ এর পরই তিনি ওই ওসির নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে তাঁকে অপসারণের দাবি করেছেন।

যদিও এই বিষয়টিকে আমল দিতে নারাজ তৃণমূল নেতৃত্ব। এ নিয়ে স্বয়ং বিধায়ক বলেন, ‘‘যে কেউ এক জন বিধায়ককে শুভেচ্ছা জানাতে আসতেই পারেন। এটাই তো বাংলার সংস্কৃতি। এ নিয়ে রাজনীতি করার তো কিছু নেই!’’

তাঁকে জড়িয়ে বিতর্কে পুলিশ আধিকারিক আনিসুরের প্রতিক্রিয়া, ‘‘এলাকার বিধায়ক। তাঁকে জন্মদিনে শুভেচ্ছা জানাতে গিয়েছিলাম। তখন কেক কাটা চলছিল। শুভেচ্ছা জানিয়ে চলে এসেছি।’’

Narayangarh TMC MLA OC BJP Paschim Midnapore
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy