E-Paper

সংখ্যালঘু ভোটও চাইছেন শুভেন্দু

রবিবার সন্ধ্যায় নন্দীগ্রাম-২ ব্লকের আমদাবাদে বিজেপির একটি কর্মী সভা ছিল। সেখানে গিয়েছিলেন শুভেন্দু।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৬ এপ্রিল ২০২৬ ০৯:৫১
নন্দীগ্রামে ভোটের প্রচারে শুভেন্দু অধিকারী ।

নন্দীগ্রামে ভোটের প্রচারে শুভেন্দু অধিকারী । নিজস্ব চিত্র ।

বিধানসভা নির্বাচনের মুখে ফের সংখ্যালঘুদের বিজেপিকে সমর্থন করার কথা শোনা গেল বিদায়ী বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীর মুখে। বললেন, ‘‘সনাতনী হিন্দুরা ঐক্যবদ্ধ হয়ে এবং রাষ্ট্রবাদী মুসলমানরা একসঙ্গে পদ্মফুল চিহ্নে ভোট দেবেন।’’ এ দিন নন্দীগ্রামের বাসিন্দাদের প্রতি নিজের ‘আনুগত্য’ প্রসঙ্গও তুলে ধরেছেন বিরোধী দলনেতা।

রবিবার সন্ধ্যায় নন্দীগ্রাম-২ ব্লকের আমদাবাদে বিজেপির একটি কর্মী সভা ছিল। সেখানে গিয়েছিলেন শুভেন্দু। সেখানে যাওয়ার পথে রাস্তায় দাঁড়িয়ে শুভেন্দুর কনভয় লক্ষ্য করে বিক্ষোভ দেখিয়েছিলেন তৃণমূল কর্মীরা। তাতে অবশ্য দমেননি শুভেন্দু। বরং পরে এ প্রসঙ্গে কর্মী সভায় তিনি বলেন, ‘‘এঁদের কোনও পরিবর্তন হবে না। আমি পাত্তা দিইনি।’’

পরে নন্দীগ্রামে সংখ্যালঘুদের সমর্থন পেতে শুভেন্দু সভায় বলেন, ‘‘আপনারা হিন্দুরা ঐক্যবদ্ধ হয়ে আর রাষ্ট্রবাদী মুসলমানরা সবাই একসঙ্গে পদ্মফুল চিহ্নে ভোট দেবেন। আমার লড়াইটা এখানে তৃণমূলের সঙ্গে হচ্ছে না। আমার লড়াইটা এখানে আইএসএফের সঙ্গে। তৃণমূল অনেক পিছনে থাকবে। রাষ্ট্রবাদী মুসলমানরাও এবার ফুটো করে দেবে।’’ শুভেন্দু এ দিন দাবি করেছেন, এলাকায় ভয় রয়েছে। তাঁর কথায়, ‘‘হিন্দু পাড়ায় গাড়ি কিছুটা স্লো করে দাঁড়িয়ে গিয়েছিলাম। কয়েকজনের কাছে জানতে চেয়েছিলাম আপনারা কেমন আছেন। কিন্তু দেখে বুঝলাম তাঁরাও ভয়ে সিটিয়ে আছেন।’’

এ দিন কর্মিসভা শেষে বেশ কয়েকজন সিপিএম এবং তৃণমূল নেতা-কর্মী যোগ দেন বিজেপিতে। সভা মঞ্চ ছেড়ে যাওয়ার আগে শুভেন্দু সকলের কাছে অনুমতি চেয়ে বলেন, ‘‘আমাকে অনুমতি দিচ্ছেন তো! আপনাদের সঙ্গে আবার দেখা হবে। আর ভোটের দিন আমি চরকির মত ঘুরে বেড়াব।’’

শুভেন্দুর মুখে বারবার সংখ্যালঘু ভোট এবং নন্দীগ্রামের বাসিন্দাদের কাছে অনুমতি চাওয়ার আনুগত্য দেখে কটাক্ষ করেছে তৃণমূল। নন্দীগ্রাম-১ ব্লক তৃণমূলের কোর কমিটির সদস্য বাপ্পাদিত্য গর্গ বলেন, ‘‘বিজেপির কেন্দ্রীয় নেতারাই শুভেন্দুকে বলে দিয়েছেন ভবানীপুর এবং নন্দীগ্রামে হারছেন। উনি এক সময় যাঁদের সন্ত্রাসবাদী বলেছিলেন, এখন তাঁদের রাষ্ট্রবাদী বলে ভোট ভিক্ষা করছেন।’’

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

Nandigram Suvendu Adhikari BJP

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy