মেদিনীপুরের জেলা ও দায়রা বিচারক আশুতোষ কর- এর এজলাসে বৃহস্পতিবার সবংয়ের ছাত্র পরিষদ নেতা সৌমেন গঙ্গোপাধ্যায়ের জামিনের আবেদনের শুনানি হওয়ার কথা ছিল। শুনানি অবশ্য হয়নি। আগামী ৩০ সেপ্টেম্বর শুনানির দিন ধার্য হয়েছে।
বুধবারই জেলা আদালতই সৌমেনের আইনজীবীর এক আবেদনের প্রেক্ষিতে এক নির্দেশ দেয়। ওই দিন সবং মামলার শুনানি চলাকালীন সৌমেনের আইনজীবীর বক্তব্য ছিল, চার্জশিট জমা পড়ার পরে সিজেএম আদালত যে অর্ডার দিয়েছে, সেই অর্ডার আগে থেকেই লেখা ছিল। জমা পড়ার পরে অর্ডারকপিতে শুধুমাত্র দু’টি শব্দ লেখা হয়েছে।
সিজেএম আদালতের ওই অর্ডারে স্থগিতাদেশ চেয়েছিলেন সৌমেনের আইনজীবী। জেলা আদালত ওই অর্ডারে স্থগিতাদেশ দেয়। বৃহস্পতিবার মামলার শুরুতে একটি পিটিশন দাখিল করে সরকারপক্ষের কৌঁসুলি সংক্ষেপে পিপি) রাজকুমার দাস জানান, সবংয়ের এই মামলা নিয়ে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছে। আগামী সোমবার মামলার দিন রয়েছে। ফলে, জেলা আদালত অর্ডারে স্থগিতাদেশ দিতে পারে না। শুনানির পরে আদালত স্থগিতাদেশ প্রত্যাহার করে নেয়।
সবং কলেজের ছাত্র সংসদের সাধারণ সম্পাদক সৌমেনই কৃষ্ণপ্রসাদ জানার মৃত্যু সংক্রান্ত অভিযোগটি দায়ের করেছিলেন। সৌমেনকে এই মামলায় গ্রেফতারও করেছে পুলিশ।