পঞ্চায়েতের অধিকার খর্ব করা, উন্নয়নে বৈষম্য, ধানের ন্যায্য দাম না পাওয়া-সহ একাধিক অভিযোগে বিডিওকে ঘেরাও করল সিপিএমের কৃষক সভা। বুধবার খড়্গপুর-১ ব্লকের সতকুইয়ে বিডিও অফিসে গিয়ে একটি স্মারকলিপিও জমা দেন তারা। এ দিনের কর্মসূচির নেতৃত্বে দেন সিপিএমের জোনাল সম্পাদক কমল পলমল, সিটু-র জেলা সম্পাদক বিশ্বনাথ দাস, কৃষক সভার ব্লক সম্পাদক দীনেশ ভট্টাচার্য, সভাপতি বীরেন সরকার প্রমুখ। সিপিএমের অভিযোগ, দীর্ঘদিন ধরেই এই ব্লকের বিভিন্ন তৃণমূল পরিচালিত গ্রাম পঞ্চায়েত দুর্নীতির আখড়ায় পরিণত হচ্ছে। এমনকী বিরোধী দলের পঞ্চায়েত সদস্যদেরও অন্ধকারে রাখা হচ্ছে। এ ছাড়াও কৃষকেরা পঞ্চায়েতের মাধ্যমে কোনও সহযোগিতা পাচ্ছেন না। মাস তিনেক আগে অভিযোগ জানানো হলেও কোনও ব্যবস্থা নেয়নি ব্লক প্রশাসন।
এ দিন একশো দিনের কাজের মজুরি, ভাতা চালু, জাতিগত শংসাপত্র দেওয়ার ক্ষেত্রে হয়রানি কমানো, বিরোধী নেতাকে পঞ্চায়েতের অর্থ সংক্রান্ত বৈঠকে ডাকা- সহ ১৩ দফা দাবিতে বিডিও-র কাছে স্মারকলিপি জমা দেওয়া হয়। প্রায় ঘণ্টা খানেক বিডিওকে ঘেরাও করে রাখা হয়। পরে বৃষ্টি আসায় ঘেরাও তুলে নেওয়া হয়। এ দিন সিপিএমের জোনাল সম্পাদক কমল পলমল বলেন, ‘‘ব্লকের সমস্ত পঞ্চায়েত তৃণমূলের দুর্নীতির আখড়ায় পরিণত হয়েছে। বঞ্চনার শিকার হচ্ছেন চাষিরা। এ নিয়ে তিন মাস আগে স্মারকলিপি দেওয়া হলেও গুরুত্ব দেননি বিডিও। তাই ফের এ দিন ঘেরাও কর্মসূচি পালন করা হল।’’