ফের নন্দীগ্রামে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর কর্মসূচি বাতিল হল। আগামী ১৯ডিসেম্বর নন্দীগ্রামের টেঙ্গুয়া থেকে নন্দীগ্রাম বাসস্ট্যান্ড পর্যন্ত পদযাত্রার ডাক দিয়েছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। কিন্তু ওই দিন ন্যাশনাল হেরল্ড মামলা নিয়ে দিল্লিতে দলীয় কর্মসূচিতে অধীরবাবু ব্যস্ত থাকবেন। তাই সেদিনের কর্মসূচি বাতিল করা হয়েছে বলে এ দিন জানিয়েছেন পূর্ব মেদিনীপুর জেলা কংগ্রেস সভাপতি আনোয়ার আলি। তিনি বলেন, ‘‘প্রদেশ কংগ্রেস সভাপতি ফোন করে বিষয়টি জানিয়েছেন। তাই ওই কর্মসূচি বাতিল করা হয়েছে। পরে দিন ঠিক করে নন্দীগ্রামে দলীয় কর্মসূচি করা হবে। গত ২৮নভেম্বর নন্দীগ্রামে সভা করতে আসার কথা ছিল প্রদেশ অধীরবাবুর। সেই সময় সভা করতে অনুমতি দিচ্ছে না বলে কংগ্রেস প্রশাসনের বিরুদ্ধে অভিযোগ তুলেছিল। এমনকি সভা করার অনুমতি চেয়ে হাইকোর্টে মামলাও করেছিল। অনুমতি মেলেনি। সভা করার জন্য সরকারি বা ব্যক্তিগত জায়গা না পেয়ে কংগ্রেস নন্দীগ্রামের টেঙ্গুয়া থেকে নন্দীগ্রাম বাসস্ট্যান্ড পর্যন্ত পদযাত্রা করার সিদ্ধান্ত নেয়। এদিন সেই কর্মসূচিও বাতিল করল কংগ্রেস।