চোখ ধাঁধানো পটের জাদু নিয়ে আজ, শুক্রবার পিংলার নয়া গ্রামে শুরু হচ্ছে ‘পটমায়া’। উদ্যোক্তা ‘বাংলা নাটক ডটকম’ সংস্থা। সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে রাজ্য সরকারের ক্ষুদ্র-ছোট-মাঝারি শিল্প ও বস্ত্র দফতর। তিনদিন ব্যাপী এই পটমেলায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজনও থাকছে। প্রতিবছরের মতো এ বারও আয়োজন হচ্ছে কর্মশালারও। কী ভাবে গাছের ফুল ও পাতা থেকে ভেষজ রং প্রস্তুত করা যায় কর্মশালায় তা শেখানো হবে। ষষ্ঠ বর্ষের এই মেলায় থাকবে ৭০টি স্টল। মেলায় কাওয়ালি গান, পটের গান, বাউল, ছৌ ও ঝুমুর নৃত্যের আয়োজন হবে। আয়োজক সংস্থার সদস্য সুমন দাস বলেন, “আমরা চাই বাংলার এই ঐতিহ্যবাহী পটশিল্প বেঁচে থাকুক। গত ছ’বছর ধরে এই মেলার আয়োজন করছি।”