পশ্চিমবঙ্গে খোঁজ মিলেছে প্রাকৃতিক গ্যাসের নতুন ভান্ডারের! বিজেপির রাজ্য সভাপতি তথা রাজ্যসভার সাংসদ শমীক ভট্টাচার্যের প্রশ্নের উত্তরে সোমবার এ কথা জানিয়েছে কেন্দ্রীয় পেট্রোলিয়াম এবং প্রাকৃতিক গ্যাস মন্ত্রক।
শমীকের প্রশ্নের উত্তরে মন্ত্রকের তরফে লিখিত ভাবে জানানো হয়েছে যে উত্তর ২৪ পরগনার কাঁকপুল-১ এলাকায় ৩৩.৩ মিলিয়ন স্ট্যান্ডার্ড কিউবিক মিটার (এমএমএসসিএম) প্রাকৃতিক গ্যাসের বিশাল ভান্ডার আবিষ্কৃত হয়েছে। রাষ্ট্রায়ত্ত সংস্থা ‘অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশন’ (ওএনজিসি)-এর দেওয়া তথ্যের উল্লেখ করে লিখিত জবাবে জানানো হয়েছে, উৎপাদন বণ্টন চুক্তি (পিএসসি)-র মাধ্যমে বাণিজ্যিক ভাবে গ্যাস উত্তোলনের জন্য আগামী ১৬ অক্টোবরের মধ্যে ‘ক্ষেত্র উন্নয়ন পরিকল্পনা’ (এফডিপি) জমা দিতে হবে ইচ্ছুক সংস্থাকে।
বেশ কিছু দিন ধরেই পশ্চিমবঙ্গের মাটির তলায় তেল এবং প্রাকৃতিক গ্যাস পাওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়ে আসছে কেন্দ্রীয় সরকার। ২০২৪ কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রক জানিয়েছিল যে অশোকনগর (১) (তেল ও গ্যাস), অশোকনগর (২) (গ্যাস), পাটুলি (১)-এ হাইড্রোকার্বনের ভান্ডার রয়েছে। মন্ত্রকের পক্ষ থেকে করা নমুনা পরীক্ষায় দেখা গিয়েছে, অশোকনগর (২)-এ ৩৮০৫ মিটার পর্যন্ত কুয়ো খুঁড়েও শেষ পর্যন্ত প্রযুক্তিগত জটিলতায় ওই কাজ বন্ধ রাখতে হয়েছে। মন্ত্রক পরে জানিয়েছিল, সেখান থেকে কিছু পাওয়া যায়নি।
একই ভাবে রানাঘাট (২) এলাকায় প্রায় ২৭১৯ মিটার কুয়ো খুঁড়ে মাটির তলায় গ্যাসের সন্ধান পাওয়া গিয়েছিল বলে গত বছর কেন্দ্রের তরফে জানানো হয়েছিল। অন্য দিকে, কাঁকপুল (১) এলাকায় ২০২২ সালের ২০ অক্টোবর থেকে ২০২৫ সালের ১৯ অক্টোবরের মধ্যে ২৭৩০ মিটার পর্যন্ত কুয়ো খোঁড়া হয়েছিল বলে পেট্রোলিয়াম এবং প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের প্রতিমন্ত্রী সুরেশ গোপী সোমবার জানিয়েছেন সংসদে। ওই গ্যাস ‘উত্তোলনযোগ্য’ বলেও মন্ত্রকের বিবৃতিতে জানানো হয়েছে।