বাড়ি থেকে বার হতে বারণ করেছিলেন মা। তা নিয়ে একটু কথা কাটাকাটিও হয়েছিল। ঘর থেকে উদ্ধার হল সেই যুবকের ঝুলন্ত দেহ। নদিয়ার কল্যাণীর মদনপুর তেঘড়ি এলাকার ঘটনা। ইতিমধ্যেই দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম সুদীপ বিশ্বাস। বয়স ১৯ বছর। কাঠের কাজ করতেন তিনি। পরিবার সূত্রে খবর, ওই যুবক বেশ কিছু দিন ধরেই অসুস্থ ছিলেন। তা সত্ত্বেও সোমবার রাতে বাড়ি থেকে বেরোতে চেয়েছিলেন। বারণ করেন মা। বারবার বলার পরেও যুবক যাওয়ার জন্য বায়না করছিলেন। শেষে বকাবকি করেন মা। এর পরে যুবক নিজের ঘরে চলে যান। প্রতিদিনের মতো মঙ্গলবার সকালে সুদীপকে ডাকতে যান মা। কিন্তু কোনও সাড়া শব্দ পাননি।
আরও পড়ুন:
মহিলা জানালা দিয়ে দেখেন, গলায় নামাবলির ফাঁস দিয়ে ঝুলছেন সুদীপ। আর্তনাদ শুরু করেন সুদীপের মা। তাঁর চিৎকার শুনে ছুটে যান প্রতিবেশী ও পরিবারের অন্যান্য সদস্যেরা। খবর দেওয়া হয় চাকদহ থানায়। পুলিশ গিয়ে ঝুলন্ত দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় কল্যাণী কলেজ অফ মেডিসিন অ্যান্ড জওহরলাল নেহেরু মেমোরিয়াল হাসপাতালে।