Advertisement
E-Paper

পয়লা বৈশাখে কালবৈশাখী ১০ জেলায়! ঝড় হতে পারে ৫০ কিলোমিটার বেগে, তবে ভ্যাপসা গরম থেকে স্বস্তি নেই

পয়লা বৈশাখে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ারে কালবৈশাখীর পূর্বাভাস রয়েছে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিতে ঝোড়ো হাওয়া বইতে পারে।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১৪ এপ্রিল ২০২৬ ২২:০২
রাজ্যের বেশ কয়েকটি জেলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

রাজ্যের বেশ কয়েকটি জেলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে। — ফাইল চিত্র।

পূর্বাভাস ছিল। সেই মতো সোমবার থেকেই রাজ্যে বেড়েছে গরম। আগামী দু’দিন তাপমাত্রা আরও কিছুটা বাড়বে। তবে তার মধ্যেই পয়লা বৈশাখে রাজ্যের বেশ কয়েক জেলায় হতে পারে কালবৈশাখী। হালকা বিক্ষিপ্ত বৃষ্টির সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়া। তবে তার জেরে গরম বা অস্বস্তি খুব একটা কমবে না। ঝড়বৃষ্টি হলেও তাপমাত্রার আর খুব একটা হেরফের হবে না রাজ্যে।

আলিপুর আবহাওয়া দফতর বলছে, আগামী দু’দিন সর্বোচ্চ তাপমাত্রা বাড়বে আরও ২ ডিগ্রি সেলসিয়াস। তার পরের পাঁচ দিন তাপমাত্রার খুব একটা হেরফের হবে না। বুধবার, পয়লা বৈশাখে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুরে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিতে ঝোড়ো হাওয়া বইতে পারে। তবে জেলার সব জায়গায় ঝড়বৃষ্টি হবে না। ওই পাঁচ জেলায় হলুদ সতর্কতা রয়েছে। আবার ওই একই দিনে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুরে গরম এবং অস্বস্তির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে।

বৃহস্পতিবারও পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুরে ঝড়বৃষ্টির সতর্কতা রয়েছে। আবার একই সঙ্গে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুরে গরম এবং অস্বস্তির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। শুক্রবার কালবৈশাখীর সতর্কতা রয়েছে পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদে। ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুরে রয়েছে গরমের সতর্কতা। আগামী রবিবার পর্যন্ত রাজ্যের পশ্চিমের জেলাগুলিতে রয়েছে ঝড়বৃষ্টির সতর্কতা।

Advertisement

পয়লা বৈশাখে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ারে কালবৈশাখীর পূর্বভাস রয়েছে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিতে ঝোড়ো হাওয়া বইতে পারে। বৃহস্পতিবার উত্তরবঙ্গের আটটি জেলাতেই ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিতে ঝোড়ো হাওয়া বইতে পারে। শুক্রবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ারে ঝড়বৃষ্টির সতর্কতা রয়েছে। রবিবার পর্যন্ত উত্তরের বিভিন্ন জেলায় ঝড়বৃষ্টির সতর্কতা রয়েছে।

ঝাড়খণ্ড এবং সংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপরে একটি উচ্চচাপ বলয় রয়েছে। আবার দক্ষিণ অসম থেকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর দিয়ে দক্ষিণ তামিলনাড়ু পর্যন্ত একটি অক্ষরেখা রয়েছে। এগুলির প্রভাবেই হতে পারে বিক্ষিপ্ত ঝড়বৃষ্টি।

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy