Advertisement
E-Paper

টুকরো খবর

বহরমপুরের ইংরেজি মাধ্যমের স্কুলে গণ্ডগোলের ঘটনায় ধৃত আট জনকে বুধবার মুর্শিদাবাদের সিজেএম আদালতে তোলা হল। বুধবার ভাঙচুরের ঘটনায় ধৃত ছয় জনের মধ্যে দু’জন নাবালক হওয়ায় ভারপ্রাপ্ত সিজেএম এসএম শাহ নওয়াজ জামিনে মুক্তি দেন।

শেষ আপডেট: ২০ নভেম্বর ২০১৪ ০০:০৮

তিন ছাত্রীর গোপন জবানবন্দি আদালতে
নিজস্ব সংবাদদাতা • বহরমপুর

বহরমপুরের ইংরেজি মাধ্যমের স্কুলে গণ্ডগোলের ঘটনায় ধৃত আট জনকে বুধবার মুর্শিদাবাদের সিজেএম আদালতে তোলা হল। বুধবার ভাঙচুরের ঘটনায় ধৃত ছয় জনের মধ্যে দু’জন নাবালক হওয়ায় ভারপ্রাপ্ত সিজেএম এসএম শাহ নওয়াজ জামিনে মুক্তি দেন। বাকি চার জনের সঙ্গে অভিযোগকারিনীদের মারধরের ঘটনায় ধৃত স্কুল মালিকের স্ত্রী মিঠু দে ও তার ছেলে সোহম দে-র ১৪ দিনের জেল হেফাজত হয়েছে। আদালতের সরকারি আইনজীবী বিশ্বপতি মুখোপাধ্যায় বলেন, “ধৃত মিঠুদেবী ও সোহমের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩২৩, ৩২৫ ধারায় মারধর এবং ১৯৫ এ ধারায় সাক্ষীদের ভয় দেখানোর মামলা দায়ের হয়েছে। ওই মামলার পরবর্তী দিন ২ নভেম্বর।” গত ১১ নভেম্বর সিবিএসই বোর্ডের ওই স্কুলের মালিক সুশান্তকুমার দে-র বিরুদ্ধে যৌন নিগ্রহের অভিযোগ করেন স্কুলেরই চার জন ছাত্রী। ওই ঘটনার ছ’দিন পরে গ্রেফতার হয় সুশান্তকুমার। আদালতের নির্দেশে তাঁর দু’দিনের পুলিশ হেফাজত হয়। স্বামী পুলিশ হেফাজতে রয়েছে, এই অবস্থায় মঙ্গলবার সকালে স্ত্রী মিঠুদেবী ও তার ছেলে সোহম স্কুলে এসে অভিযোগকারিনী দু’জন ছাত্রীকে চুলের মুঠি ধরে মারধর করেন বলে অভিযোগ। তখন পাড়া-প্রতিবেশীরা ছুটে এসে মিঠুদেবী ও সোহমকে পাল্টা মারধর করেন বলে অভিযোগ। পরে পুলিশ এসে মা ও ছেলেকে উদ্ধার করে নিয়ে যায়। এরপরেই স্কুলে ব্যাপক ভাঙচুর চালান এলাকাবাসী। পরিস্থিতি সামাল দিতে এসে পুলিশও আক্রান্ত হয়। এদিকে দু’দিনের পুলিশ হেফাজতের মেয়াদ ফুরিয়ে যাওয়ায় সুশান্তকুমারকে জেলা জজ আদালতের দ্বিতীয় দায়রা বিচারকের বিশেষ আদালতে হাজির করানো হয়। ওই আদালতের সরকারি আইনজীবী মিতাভ্র ধরগুপ্ত বলেন, “ছাত্রীদের উপরে যৌন নিগ্রহের ঘটনার মতো সামাজিক অপরাধকারীকে জামিন না দেওয়ার জন্য বিচারকের কাছে আবেদন করি। বিচারক সুদেব মিত্র আবেদন মেনে নিয়ে সুশান্তকুমারের জেল হেফাজতের নির্দেশ দেন।” সেই সঙ্গে সিজেএম আদালতে এ দিন অভিযোগকারিনী তিন জন ছাত্রীর গোপন জবানবন্দি নথিভুক্ত হয়েছে।

উত্তরপাড়া তেতেই, আজ সর্বদল বৈঠক
নিজস্ব সংবাদদাতা • বহরমপুর

দলীয় কার্যালয় দখল ও পাল্টা দখলের জেরে তৃণমূল-কংগ্রেসের সংঘর্ষের ৫ দিন পরও অবস্থা স্বাভাবিক হয়নি। দু’দলের সংঘর্ষের জেরে গত শনিবার দুপুরে বহরমপুর শহর লাগোয়া উত্তরপাড়া মোড় এলাকায় দু’দিনের জন্য ১৪৪ ধারা জারি করা হয়। পরে তা আরও ৭ দিন বাড়ানো হয়। বহরমপুরের মহকুমাশাসক সুপ্রিয় দাস জানান, আজ বৃহস্পতিবার ১৪৪ ধারার মেয়াদ শেষ হবে। বৃহস্পতিবারই এলাকায় শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে সর্বদলীয় বৈঠক ডাকা হয়েছে। বহরমপুর মহকুমাশাসকের কার্যালয়ে সেই বৈঠক হওয়ার কথা। এ দিকে, ঘটনার দু’দিন পর গত সোমবার উত্তরপাড়া এলাকায় কংগ্রেসের রক্তদান শিবির ও অধীর চৌধুরীর জনসভা করার কর্মসূচি ছিল। ১৪৪ ধারা জারি থাকায় কর্মসূচি বাতিল করা হয়। অধীর চৌধুরী এ দিন বলেন, “সর্বদল বৈঠকে প্রশাসনিক সিদ্ধান্তের দিকে তাকিয়ে আছি। তারপর আমরা পরবর্তী দলীয় কর্মসূচি ঠিক করব।” তৃণমূলের মুর্শিদাবাদ জেলা সভাপতি মান্নান হোসেন বলেন, “ওই এলাকায় কংগ্রেস সভা করলে তার ২৪ ঘণ্টার মধ্যে তৃণমূলও পাল্টা সভা-সমাবেশ করবে।”

এজেন্টের ঝুলন্ত দেহ উদ্ধার

লগ্নি সংস্থার এক এজেন্টের ঝুলন্ত দেহ উদ্ধার করল পুলিশ। মৃতের নাম রসময় মৃধা (৪৬)। বাড়ি নবদ্বীপের প্রতাপনগরে। পেশায় গ্রামীণ চিকিত্‌সক রসময়বাবু গত কয়েক বছর ধরে এক লগ্নি সংস্থার এজেন্ট হিসাবে কাজ করছিলেন। মঙ্গলবার দুপুরে নবদ্বীপ কুটিরপাড়ায় নিজের চেম্বারে তাঁর দেহ মেলে। পুলিশ ও পারিবার সূত্রে জানা গিয়েছে, রসময়বাবু বাজার থেকে প্রায় ২৫ থেকে ৩০ লক্ষ টাকা আমানত হিসাবে সংগ্রহ করেছিলেন। মেয়াদ উত্তীর্ণ হয়ে যাওয়ার পরেও টাকা না পেয়ে আমানতকারীরা তাঁকে চাপ দিচ্ছিলেন। রসময়বাবুর স্ত্রী শিবানীদেবীর দাবি, “তিন সপ্তাহ আগে কয়েকজন আমানতকারী স্বামীর কাছ থেকে স্ট্যাম্প পেপারের উপর জোর করে লিখিয়ে নেয় যে, তিন মাসের মধ্যে সমস্ত টাকা ফেরত দিতে না পারলে সম্পত্তি বিক্রি করে টাকা নিয়ে নেবে। এরপর থেকেই ও ভেঙে পড়েছিল।”

অধীরকে পাশে চাইছেন জয়

কংগ্রেসের গড় মুর্শিদাবাদে নিজেদের সংগঠন বাড়াতে শেষ পর্যন্ত প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীকে পাশে পেতে চাইছে বিজেপি। মঙ্গলবার বেলডাঙা-২ ব্লকের শক্তিপুরে নিহারি বটতলা মাঠে এক সভায় বিজেপির রাজ্য কমিটির সদস্য তথা অভিনেতা জয় বন্দ্যোপাধ্যায় বলেন, “অধীরবাবুকে বলব দয়া করে আমাদের পাশে থাকুন। অধীরবাবুর শত্রু যে আমাদেরও শত্রু সে। আমরা চাই তৃণমূল সরকারকে সরাতে। তাই মুর্শিদাবাদ জেলায় আপনার সাহায্য একান্ত দরকার।” অধীরের প্রতিক্রিয়া, “কংগ্রেস ও বিজেপির মধ্যে মতাদর্শের যে ফারাক রয়েছে, তা বিবেচনা করে উনি বক্তব্য রাখবেন, এটাই আশা করব।”

অনাস্থা কংগ্রেসের

বুধবার বেলডাঙা-২ পঞ্চায়েত সমিতিতে অনাস্থা আনল কংগ্রেস। এ দিন ১২ জনের স্বাক্ষর যুক্ত অনাস্থাপত্র জমা পড়ে। পঞ্চায়েত সমিতিতে মোট আসন ৩৩টি (১৭টি বামফ্রন্টের, ১২ কংগ্রেসের ও ৪টি তৃণমূলের)। কংগ্রেসের বিরোধী দলনেতা ইন্দ্রনীল প্রামাণিক বলেন, ‘‘বামফ্রন্টের সভাপতি জিয়াতুন্নেসা বিবি সাধারণ মানুষের কোনও কাজই করছেন না। এলাকার উন্নয়ন স্তব্ধ। তাই এই অনাস্থা।’’ বেলডাঙা ২ বিডিও অরিজিৎ মুখোপাধ্যায় বলেন, ‘‘অনাস্থা জমা পড়েছে।”

নাট্য সমারোহ

আজ শুক্রবার সন্ধ্যায় শুরু হতে চলেছে বহরমপুরের ‘রঙ্গাশ্রম’ আয়োজিত পঞ্চম ‘নাট্য সমারোহ’। বহরমপুর রবীন্দ্রসদনে ৭ দিনের ওই নাট্যোৎসবের উদ্বোধন করবেন বিশিষ্ট নাট্য সমালোচক শমীক বন্দ্যোপাধ্যায়। উদ্বোধনী সন্ধ্যায় মঞ্চস্থ হবে আয়োজক সংস্থার নতুন নাটক ‘প্রতারক’। ২৬ নভেম্বর সমাপ্তি সন্ধ্যায় মঞ্চস্থ হবে বাংলাদেশের নাট্যসংস্থা ‘বটতলা পারফরমিং সেন্টার’- এর নাটক ‘খনা’।

গ্রেফতার স্ত্রী

স্বামীকে ব্লেড দিয়ে আঘাত করার অভিযোগে স্ত্রীকে গ্রেফতার করল পুলিশ। গত ১৪ নভেম্বর রাতে ঘটনাটি ঘটেছে মঙ্গলবার তেহট্টের আসতুল্লানগরে। স্বামী ইলসামারির বাসিন্দা সুশান্ত বালাকে গুরুতর জখম অবস্থায় তেহট্ট মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। মঙ্গলবার সুশান্তর কাকার অভিযোগে স্ত্রী মনিমালাদেবীকে পুলিশ গ্রেফতার করেছে।

ধৃত যুবক

বিয়ের প্রতিশ্রুতিতে সহবাসের অভিযোগে মঙ্গলবার ফরাক্কার পলাশি গ্রামের সন্টু চৌধুরীকে গ্রেফতার করল পুলিশ। সন্টু এ দিন অন্য একটি গ্রামে বিয়ে করতে যাচ্ছিল।

ইন্দিরা গাঁধীর জন্মদিন পালন। বহরমপুরে।

খাগড়াগড় বিস্ফোরণ-কাণ্ডে সন্দেহভাজন রেজাউল করিমের ভাই ও রেজাউলের এক সহপাঠীকে
জিজ্ঞাসাবাদ করতে বুধবার রঘুনাথগঞ্জ থানায় জাতীয় তদন্তকারী সংস্থার (এনআইএ) গোয়েন্দারা। ছবি: অর্কপ্রভ চট্টোপাধ্যায়।

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy