Advertisement
E-Paper

গোষ্ঠী-কোন্দলে ‘ভাঙচুর’ শাসক দলের কার্যালয়

ছিঁড়ে দেওয়া হয়, দলীয় ব্যানার, ফেস্টুন। খুলে মাটিতে ফেলে দেওয়া হয় দলের পতাকা।

নিজস্ব সংবাদদাতা 

শেষ আপডেট: ২২ মে ২০২১ ০৬:৪৫
ফাইল চিত্র।

ফাইল চিত্র।

দলের ‘নব্য’ এবং ‘পুরনো’দের দ্বন্দ্ব বহুদিনের। তবে বিধানসভা ভোটের আগে সেই কোন্দলে সাময়িক ছেদ পড়েছিল। ভোট মিটতেই আবার তা ফিরে এল। রাজ্যের শাসকদলের ‘গোষ্ঠীকোন্দলের’ জেরে এবার দলীয় কার্যালয় ভাঙচুরের ঘটনা ঘটল লালবাগে।

স্থানীয় সূত্রে খবর, মুর্শিদাবাদ শহর তৃণমূলে দু’টি গোষ্ঠী রয়েছে। একটি শহর সভাপতি ইন্দ্রজিৎ ধরের। অন্যটিতে রয়েছেন স্থানীয় পুর প্রশাসকের অনুগামীরা। ভোটের সময় দু’পক্ষকে একযোগে প্রচারে নামতে দেখা গিয়েছিল।

তবে নির্বাচনপর্ব মিটতে ফের দু’পক্ষে বনিবনার অভাব স্পষ্ট। মুর্শিদাবাদ পুরসভার ছ’ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর তথা তৃণমূলের ওয়ার্ড আহ্বায়ক সোনালি সিংহরায়ের অভিযোগ, শুক্রবার দুপুরে কয়েক জন যুবক তাঁর বাড়ি লাগোয়া দলীয় কার্যালয়ে আসে। তারা সোনালির স্বামী কালু সিংহরায়কে দলীয় কার্যালয় খুলে দিতে বলে। তিনি কার্যালয় খুলে দিতেই তারা ভাঙচুর চালায় সেখানে, এমনই দাবি সোনালির।

Advertisement

অভিযোগ, কার্যালয়ে ঢুকেই চেয়ার, টেবিল তারা ছুড়ে রাস্তার ওপর ফেলে দেয়। ছিঁড়ে দেওয়া হয়, দলীয় ব্যানার, ফেস্টুন। খুলে মাটিতে ফেলে দেওয়া হয় দলের পতাকা। সোনালি বলেন, ‘‘আমার বাড়িতে বহুদিন ধরে ওই কার্যালয় চালু। ওরা কার্যালয় খুলে দিত বলায় ভেবেছিলাম ওরা সেখান বসবে। কিন্তু হঠাৎই ভাঙচুর শুরু করে দেয়।’’ তাঁর আরও দাবি, হামলাকারী তাঁকে নাকি বলে, শহর সভাপতির নির্দেশেই তারা ওই কাজ করেছে। ঘটনার কথা দলের জেলা নেতৃত্বকে জানানোর পাশাপাশি সোনালি পুলিশেও অভিযোগ করেছেন বলে জানান।

যদিও ইন্দ্রজিতের দাবি, ‘‘ওই কার্যালয় সদ্য তৈরি করা হয়েছে। আমি দলের শহর সভাপতি। আমায় না জানিয়ে পার্টি অফিস কেন চলবে! এই অতিমারি পরিস্থিতিতে জেলা নেতৃত্ব নির্দেশ দিয়েছেন দলীয় কার্যালয় বন্ধ রাখার জন্য। কিন্তু ওখানে বসে কয়েক জন মদ্যপান করে, দলবিরোধী কাজকর্ম হয় বলে খবর পাচ্ছিলাম। সেই জন্য অনুগামীদের বলি, দলের ব্যানার, পতাকা খুলে আনার জন্য। সোনালির সামনেই ওরা সেটা করেছে। তবে কেউ কোনও ভাঙচুর করেনি। উনি মিথ্যে অভিযোগ করছেন। মুর্শিদাবাদ বিধানসভায় তৃণমূলের কো-অর্ডিনেটর অশোক দাস বলেন, ‘‘ঘটনার কথা আমি জানি। দলের শীর্ষ নেতৃত্বকেও সব জানানো হয়েছে।’’ জেলা তৃণমূলের সভাপতি আবু তাহের খানের দাবি, ঘটনার কথা তিনি জানেন না।

TMC
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy