Advertisement
E-Paper

বাইকচালককে ধাক্কা মেরে পালাল পুলিশের গাড়ি! প্রতিবাদে নদিয়ায় সড়ক অবরোধ, বিক্ষোভ

প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, পুলিশের গাড়িটির চালক মত্ত ছিলেন। গাড়িতে থাকা পুলিশকর্মীরাও অপ্রকৃতস্থ অবস্থায় ছিলেন। একটি মোটরবাইকে ধাক্কা মারার পর পালিয়ে যান তাঁরা।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৩ এপ্রিল ২০২৩ ২০:৩৯
Police car allegedly hit and run a motor bike in Nadia

পুলিশের গাড়ির ধাক্কায় গুরুতর আহত এক মোটরবাইক চালক। —প্রতীকী চিত্র।

পুলিশের গাড়ির ধাক্কায় গুরুতর আহত হলেন এক মোটরবাইক আরোহী। অন্য দিকে, তাঁকে ধাক্কা মারার পর পুলিশের গাড়িটি পালিয়ে যায় বলে অভিযোগ। সোমবার এই ঘটনায় উত্তেজনা ছড়ায় নদিয়ার শান্তিপুরের বাগাছড়া এলাকায়। পুলিশের বিরুদ্ধে বিক্ষোভ দেখিয়ে পথে নামে সাধারণ মানুষ। টায়ার জ্বালিয়ে ক্ষোভ প্রকাশ করেন তাঁরা। অভিযোগ, পুলিশের গাড়িটিতে চালক-সহ সবাই অপ্রকৃতস্থ অবস্থায় ছিলেন।স্থানীয় সূত্রে খবর, সোমবার দুপুরে বাগাছড়া বাসস্ট্যান্ডের কাছে দুর্ঘটনা হয়। সিরাজুল মণ্ডল নামে এক যুবক বাজার থেকে বাড়ি ফিরছিলেন। হঠাৎ পুলিশের একটি গাড়ি তাঁকে ধাক্কা দেয়। অভিযোগ, স্থানীয়রা চিৎকার করে গাড়িটিকে আটকানোর চেষ্টা করলেও আহত ওই যুবককে উদ্ধার না করেই কার্যত পালিয়ে যান পুলিশকর্মীরা। পরে স্থানীয়রাই আহতকে উদ্ধার করে প্রথমে বাগাছড়া হাসপাতালে নিয়ে যান। কিন্তু সিরাজুলের শারীরিক পরিস্থিতির অবনতি হওয়ার কারণে তাঁকে শক্তিনগর জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়।

বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় সেখানেই চিকিৎসাধীন রয়েছেন ওই সিরাজুল। স্থানীয়রা দাবি করেছেন পুলিশের গাড়ির চালক মত্ত অবস্থায় ছিলেন। রমেন বিশ্বাস নামে এক প্রত্যক্ষদর্শীর অভিযোগ, ‘‘পুলিশের গাড়িটির চালক-সহ সব পুলিশকর্মীই মত্ত অবস্থায় ছিলেন। ওই বাইকচালককে ধাক্কা মারার পর আরও দু’টি দোকানে ধাক্কা মারে গাড়িটি।’’

এই ঘটনা প্রসঙ্গে রানাঘাট পুলিশ জেলার পুলিশ সুপারকে কে. কান্নান বলেন, ‘‘ওই গাড়িটিকে আটক করা হয়েছে। তদন্ত চলছে।’’

Nadia bike accident police
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy