E-Paper

পোস্টাল ব্যালটের ছবি পোস্ট, অভিযুক্ত তৃণমূল

সম্প্রতি সমাজমাধ্যমে জানকীকান্তের নামে হওয়া পোস্টে একটি ব্যালট পেপারের ছবি দেখা গিয়েছে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২১ এপ্রিল ২০২৬ ০৮:০৫
সেই ব্যালটের ছবি। সমাজমাধ্যম থেকে গৃহীত।

সেই ব্যালটের ছবি। সমাজমাধ্যম থেকে গৃহীত।

পোস্টাল ব্যালটে তৃণমূল প্রার্থীর নাম ও ছবির পাশে নীল কালি দিয়ে ছাপ দেওয়া রয়েছে। ব্যালটে রয়েছে আরও একাধিক প্রার্থীর নাম ও ছবি। ভোটদাতা তৃণমূল প্রার্থীকে ভোট দিয়েছেন বলে দাবি করে সেই ছবি সমাজমাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে তৃণমূলের এক নেতার বিরুদ্ধে। রানাঘাটের এই ঘটনায় ওই তৃণমূল নেতা জানকীকান্ত দাসের বিরুদ্ধে কমিশনে লিখিত অভিযোগের হুঁশিয়ারি দিয়েছেন রানাঘাট উত্তর-পশ্চিমের বিজেপি প্রার্থী পার্থসারথী চট্টোপাধ্যায়।

সম্প্রতি সমাজমাধ্যমে জানকীকান্তের নামে হওয়া পোস্টে একটি ব্যালট পেপারের ছবি দেখা গিয়েছে। তাতে রানাঘাট উত্তর-পশ্চিমের তৃণমূল প্রার্থী তাপসকুমার ঘোষকে ভোট দেওয়া হয়েছে। ওই পোস্টে লেখা ছিল— “আমার এক প্রিয় দাদার প্রথম পোস্টাল ভোট আমার আর এক প্রিয় দাদা তৃণমূল কংগ্রেসের প্রার্থী তাপসকুমার ঘোষকে।” পরে বিতর্কের মুখে পড়ে এ রকম কোনও পোস্ট আদৌ করেননি বলে দাবি করেছেন তাপস-ঘনিষ্ঠ জানকীকান্ত। পরে ওই পোস্ট ফেসবুক থেকে মুছেও ফেলা হয়।

এ বছর পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার ক্ষেত্রে বেশ কিছু বাড়তি সতর্কতার কথা আগেই জানিয়ে দিয়েছিল নির্বাচন কমিশন। যে নির্দিষ্ট কেন্দ্রে সরকারি কর্মী তথা ভোটকর্মীরা ব্যালটে ভোট দেওয়ার কথা, সেখানে নজর-ক্যামেরা ও কেন্দ্রীয় বাহিনী থাকার কথা। ভোটকর্মীদের অনেকেই বলছেন, এত দিন পোস্টাল ব্যালটে ভোট বিভিন্ন রাজনৈতিক দলের ছত্রচ্ছায়ায় থাকা সংগঠনের অলিখিত নির্দেশে নিয়ন্ত্রিত হত, কিন্তু এ বার কড়াকড়ি করা হয়েছে। আবার সংগঠনগুলিও নিজেদের সদস্যেরা নির্দিষ্ট রাজনৈতিক দলকে ভোট দিচ্ছেন কি না, তা নিশ্চিত করতে ছবি তুলে রাখার নিদান দিয়েছে বলে অভিযোগ।

তবে ভোটদান সম্পূর্ণ ব্যক্তিগত ও গোপনীয় হওয়ার কথা। সেই প্রেক্ষিতে তৃণমূল নেতার ওই পোস্টে নির্বাচনী বিধিভঙ্গ হয়েছে বলে দাবি বিজেপির। সোমবার রানাঘাট উত্তর-পশ্চিমের বিজেপি প্রার্থী পার্থসারথী চট্টোপাধ্যায় বলেন, “সমাজমাধ্যমে এমন পোস্টের মাধ্যমে ভোটারদের প্রভাবিত করা ও প্রচ্ছন্ন ভয় দেখানোর বিষয়টি সামনে আসছে। তাই নির্দিষ্ট ভাবে কমিশনের কাছে অভিযোগ জানিয়েছি।”

তবে জানকীকান্তের দাবি, “আমার ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক করে এই ধরনের পোস্ট করা হয়ে থাকতে পারে। তা ছাড়া আমি নিজেও এই ধরনের পোস্ট আমার অ্যাকাউন্ট থেকে দেখতে পাচ্ছি না।” রানাঘাট উত্তর-পশ্চিমের নির্বাচনী আধিকারিক তথা রানাঘাটের মহকুমাশাসক মহম্মদ সুবুর খান বলেন, “এই ধরনের অভিযোগ রাত ৮টা পর্যন্ত আমি পাইনি। অভিযোগ এলে কমিশনের নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

Ranaghat Postal Ballot

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy