বহরমপুরে তৃণমূল নেতার গাড়ি লক্ষ্য করে চলল গুলি, পড়ল বোমা। মঙ্গলবার রাতে এই ঘটনার জেরে তীব্র চাঞ্চল্য বহরমপুরে।
বহরমপুরের চুঁয়াপুরের প্রান্তিক পাড়ায় তৃণমূল নেতা সাজ্জু শেখ যখন বাড়ি ফিরছিলেন, সেই সময় দুষ্কৃতীরা তাঁর বাড়ির সামনেই হামলা চালায়। সাজ্জু শেখের আঘাত না লাগলেও বোমায় গাড়ির ক্ষতি হয়েছে।
খবর পেয়ে ঘটনাস্থলে আসে বিরাট পুলিশ বাহিনী। আসেন টাউন তৃণমূল সভাপতি নাড়ুগোপাল মুখোপাধ্যায়। সিসিটিভি ক্যামেরায় ধরা পরা ছবি দেখে তদন্ত শুরু করেছে বহরমপুর থানার পুলিশ।
এই হামলায় অভিযোগের তীর কংগ্রেসের দিকে। যদিও কংগ্রেসের জেলা সভাপতি জয়ন্ত দাস জানিয়েছেন, ‘‘এটি তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। পুলিশ তদন্ত করলেই সত্য সামনে আসবে।’’