বৃষ্টি থেকে বাঁচতে বড় গাছের নীচে আশ্রয় নেওয়াই কাল হল! রবিবার বিকেলে মুর্শিদাবাদের কান্দির বরার মাঠে বাজ পড়ে প্রাণ গেল দু’জনের। মৃতদের মধ্যে এক জন মহিলা। পুলিশ জানিয়েছে, মৃতেরা হলেন ৩০ বছরের ষড়ানন দাস এবং ৫২ বছরের সাবিত্রী ঘোষ। এই ঘটনায় দু’জন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন।
স্থানীয় সূত্রে খবর, রবিবার বিকেল নাগাদ কান্দিতে প্রবল বৃষ্টি শুরু হয়। সেই সময় মাঠে কাজ করছিলেন কয়েক জন। বৃষ্টি থেকে বাঁচতে তাঁরা মাঠের ধারের একটি পুরনো বটগাছের নীচে আশ্রয় নেন। ঠিক সেই সময় আচমকা ওই গাছের উপর বাজ পড়ে। ঘটনাস্থলেই সংজ্ঞাহীন হয়ে পড়েন সকলে।
আরও পড়ুন:
মাঠে থাকা অন্য কৃষকেরা দ্রুত তাঁদের উদ্ধার করে কান্দি মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা দু’জনকে মৃত বলে ঘোষণা করেন। পার্থ মণ্ডল এবং বাবু বাগদিকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করানো হয়েছে। দেহ দু’টি ময়নাতদন্তের জন্য কান্দি মহকুমা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে প্রচার করে ঝড়বৃষ্টির সময়ে বড় গাছের নীচে আশ্রয় নিতে বারণ করা হয়েছে। তার পরেও ঘটল এই ঘটনা।