মুখে কুলুপ দুই নেতার
নিজস্ব সংবাদদাতা • রঘুনাথগঞ্জ
তাপস পালের কুকথায় অভিজিৎ মুখোপাধ্যায়ের সমর্থন নিয়ে মুখে কুলুপ আঁটলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। শুক্রবার রঘুনাথগঞ্জের জেঠিয়া গ্রামের এক অনুষ্ঠানে একই মঞ্চে হাজির ছিলেন অধীরবাবু এবং জঙ্গিপুরের সাংসদ অভিজিৎ। দু’জনের কেউই এ প্রসঙ্গে টুঁ শব্দটিও করলেন না। তাপস পালের অশালীন মন্তব্য নিয়ে যখন চারিদিকে সমালোচনার ঝড়, তখন বুধবার তাপসের বক্তব্যকে নেহাতই মুখ ফস্কে বেরিয়ে যাওয়া কথা বলে মন্তব্য করেন অভিজিৎবাবু। ক্ষুব্ধ অধীরবাবু এনিয়ে সাংসদকে কৈফিয়ত তলব করা হবে বলে জানান। শুক্রবার দুই সাংসদই এক মঞ্চে হাজির হন। কিন্তু কেউই এই নিয়ে আর নতুন করে কথা বাড়াতে চাননি। সাংবাদিকরা অধীরবাবুকে এই নিয়ে জিজ্ঞাসা করলে তিনি বলেন, “যা বলার কাল বলেছি। আজ আর এ প্রসঙ্গে একটি কথাও বলব না।” একই মঞ্চে থাকা অভিজিৎবাবুও মন্তব্য করতে চাননি।
দুর্নীতি, ধৃত পঞ্চায়েত সচিব
দুর্নীতির অভিযোগে গ্রেফতার গ্রাম পঞ্চায়েতের প্রধান সচিব। বৃহস্পতিবার হুমাইপুর গ্রাম পঞ্চায়েতের সচিব প্রদীপ চট্টোপাধ্যায় গ্রেফতার করে হরিহরপাড়া থানার পুলিশ। অভিযোগ ১০০ দিনের কাজে প্রায় ১২ লক্ষ টাকা নয়ছয় হয়েছে। এপ্রিলের দ্বিতীয় সপ্তাহে সেই অভিযোগ গ্রেফতার হন সিপিএমের পঞ্চায়েতে প্রধান আব্দুল কাদের শেখ। তারপরেই পঞ্চায়েত সচিবের গ্রেফতারি। প্রধান গ্রেফতার হওয়ার পর থেকেই নানা সমস্যা হচ্ছিল পঞ্চায়েতের কাজে। সচিবের গ্রেফতারি পরিস্থিতি আরও সঙ্কটজনক হবে বলে মনে করছেন সকলে।
জাল নোট, সাত বছর জেল
জাল নোট-সহ ধৃত যুবককে সাত বছর কারাদণ্ড দিলেন বিচারক। সেইসঙ্গে দশ হাজার টাকার জরিমানা, অনাদায়ে আরো তিন মাস জেল। শুক্রবার নদিয়ার রানাঘাটের অতিরিক্ত জেলা দায়রা বিচারক (ফাস্ট ট্রাক কোর্ট) মিহির মণ্ডল এই নির্দেশ দিয়েছেন। ১০ আগস্ট ২০০৮ গাংনাপুেরের ঘাটিগাছায় একটি হোটেল থেকে পাঁচটি জাল একশো টাকার নোট-সহ জয়গোপাল সরকারকে গ্রেফতার করে পুলিশ। এতদিন জামিনে থাকলেও বৃহস্পতিবার ওই যুবককে দোষী সাবস্ত করা হয়।