E-Paper

ক্ষোভ, অভিমানের পালা পেরিয়ে কুর্সি কার দখলে

জেলা বিজেপি ডালিম রায়কে বিশাল মিছিলে নিয়ে গিয়ে মনোনয়ন দেবে বলে ঘোষণা করে।

অনির্বাণ রায়

শেষ আপডেট: ০৯ এপ্রিল ২০২৬ ০৯:১৬
—প্রতিনিধিত্বমূলক ছবি।

—প্রতিনিধিত্বমূলক ছবি।

এখানে ভোটের লড়াই যেন সম্প্রতি মুক্তিপ্রাপ্ত জনপ্রিয় হিন্দি সিনেমার মতো, কোনটা ক্লাইম্যাক্স বোঝাই দায়।

এক জন ছিলেন ভিলেজ পুলিশ, রাতারাতি হয়ে গেলেন শাসক দলের যুব সভাপতি। ভোট ঘোষণার পরে দেখা গেল তিনিই তৃণমূলের ময়নাগুড়ির প্রার্থী। রামমোহন রায়।

জেলা বিজেপির আপত্তি ছিল বিদায়ী বিধায়ক কৌশিক রায়কে ময়নাগুড়িতে ফের থেকে প্রার্থী করতে। তবু প্রার্থী হিসাবে ঘোষিত হল কৌশিকের নাম। তার পরে জেলা সভাপতিকে দলীয় দফতরে তালা বন্ধ করে রেখে বিক্ষোভ চলল। দীর্ঘ ক্ষণ পরে জেলা সভাপতি মুক্ত হলেন, কিন্তু প্রার্থী বদলাল না। প্রচার শুরু করলেন কৌশিক। বারো দিন পরে চৈত্রের সকালে বিজেপি প্রার্থী বদলিয়ে ডালিম রায়ের নাম ঘোষণা করল দল। ফের বিক্ষোভ। সেই দলীয় দফতরে দ্বিতীয়বার পড়ল তালা।

জেলা বিজেপি ডালিম রায়কে বিশাল মিছিলে নিয়ে গিয়ে মনোনয়ন দেবে বলে ঘোষণা করে। মনোনয়নের সেই সকালে কৌশিক রায় নিজেকে বিজেপি প্রার্থী দাবি করে পৌঁছে গেলেন মনোনয়ন কেন্দ্রে। খবর পেয়ে মিছিল ফেলে ডালিমও ছুটলেন মনোনয়ন দিতে। শেষে ডালিম থাকলেন, কৌশিকের মনোনয়ন বাতিল হল। বিজেপি কর্মীদের গুঞ্জন, প্রার্থী নিয়ে ক্ষত পূরণ হতে সময় লাগবে। এ দিকে ভোটের দিন বেশি বাকি নেই। কপালে উদ্বেগের রেখা কর্মীদের।

তৃণমূল প্রার্থী রামমোহন প্রচারে বড়দের অনেককেই ঢিপ করে পায়ে প্রণাম করছেন, বলছেন, “এ বারে জিতব। প্রচারে স্বতঃস্ফূর্ত ভিড় হচ্ছে।” রামমোহনের প্রচারে যুবদের ভিড়। সেই ভিড়ে পুরনো নেতাদের অনেককেই তেমন দেখা যাচ্ছে না বলে আলোচনা রয়েছে শহরে। ময়নাগুড়ি বাসস্ট্যান্ড লাগোয়া ফুটপাতে পাতা বিক্রেতার টেবিল থেকে ঝাল পান এবং কাঁচা সুপারি মুখে পুরে, তারিয়ে তারিয়ে চিবিয়ে দীর্ঘ দিনের এক তৃণমূল নেতা বললেন, ‘‘সব ঠিক আছে। আমাদের প্রার্থী আগে ভিলেজ পুলিশ ছিলেন তো। অনেকেই তাঁকে চেনেন, জানেন। সেটা এখন কতটা কী প্রভাব ফেলে কে জানে।’’

ময়নাগুড়িতে বামফ্রন্টের আরএসপি প্রাথী সুদেব রায়, কংগ্রেস প্রার্থী যোগেন সরকার। আরএসপি ময়নাগুড়ির নেতাদের একাংশের দীর্ঘ দিনের অভিমান, বড় শরিক তাদের প্রতি দরাজ নয়। এ বারের ভোট আবহে সেই অভিমান ঘুচবে কি? দীর্ঘ দিন বাদে কংগ্রেসের হাত চিহ্ন রয়েছে বিধানসভায়। হাত কত ভোট টানবে তা নিয়ে অঙ্কে ব্যস্ত দুই ফুল।

সিনেমার মতো পরতে পরতে বদলাচ্ছে সমীকরণ।

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

mainaguri

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy