Advertisement
E-Paper

টুকরো খবর

দু’বছরের ছেলে নিয়ে ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হলেন বাবা। শুক্রবার দুপুরে রাজগঞ্জের আমবাড়ি এলাকায় এনজেপিগামী তিস্তা-তোর্সা এক্সপ্রেসের ধাক্কায় মৃত স্বপন রায় (৩৩) এবং তাঁর বছর দুয়েকের ছেলে আমির আমবাড়ির বানিয়াপাড়া গোলগুমটির বাসিন্দা।

শেষ আপডেট: ০২ মে ২০১৫ ০০:০২

ছেলে নিয়ে আত্মঘাতী

নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি

দু’বছরের ছেলে নিয়ে ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হলেন বাবা। শুক্রবার দুপুরে রাজগঞ্জের আমবাড়ি এলাকায় এনজেপিগামী তিস্তা-তোর্সা এক্সপ্রেসের ধাক্কায় মৃত স্বপন রায় (৩৩) এবং তাঁর বছর দুয়েকের ছেলে আমির আমবাড়ির বানিয়াপাড়া গোলগুমটির বাসিন্দা। পুলিশের ধারণা, পারিবারিক অশান্তির জেরেই আত্মঘাতী হয়েছেন স্বপনবাবু। নিউ জলপাইগুড়ির রেল পুলিশের আইসি কোকিল রায় বলেন, ‘‘দেহ দু’টি উদ্ধার করা হয়েছে। পরিবারের সদস্যদের বয়ান নথিবদ্ধ করা হয়েছে। প্রাথমিক তদন্তে ঘটনাটি আত্মহত্যা বলেই মনে করা হচ্ছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, স্বপনবাবু পেশায় কাঠমিস্ত্রি। বেশ কিছু দিন ধরেই তাঁদের পারিবারিক অশান্তি চলছিল। প্রতিমাদেবীর বাপের বাড়ি রাজগঞ্জের মগড়াডাঙ্গি এলাকায়। এলাকাবাসীরা জানিয়েছেন, দুপুর সাড়ে ৩টে নাগাদ স্বপনবাবু ছেলেকে নিয়ে যখন লাইনের পাশে পৌঁছন, সে সময়ে তিস্তাতোর্সা এক্সপ্রেস আসছিল। ছেলেকে নিয়েই তিনি ট্রেনের সামনে লাফিয়ে পড়েন বলে প্রতক্ষ্যদর্শীরা দাবি করেছেন। ঘটনার পরে ট্রেনের গার্ডের থেকে খবর পেয়ে রেল পুলিশও ঘটনাস্থলে পৌঁছয়। দেহ উদ্ধার করতে সন্ধ্যা হয়ে যায়।

Advertisement

অবরোধে হামলা, অভিযোগ

নিজস্ব সংবাদদাতা • ফালাকাটা

পার্টি অফিস লাগোয়া জাতীয় সড়ক অবরোধের সময়ে সিপিএম কর্মীদের উপরে হামলা চালানোর অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। বৃহস্পতিবার বন‌্‌ধের দিন বেলা সওয়া ১১টা নাগাদ ঘটনাটি ঘটেছে ফালাকাটায়। ঘটনায় এসএফআই–এর আলিপুরদুয়ার জেলা সম্পাদক সফিকুল হক জখম হন। তবে তাঁর চোট গুরুতর নয় বলে চিকিৎসকেরা জানান। ফালাকাটা সিপিএম জোনাল অফিসে ঢুকে তৃণমূল কর্মী-সমর্থকেরা চেয়ার টেবিল ভাঙচুর চালান বলে অভিযোগ। পরিস্থিতি সামাল দিতে পুলিশ পৌঁছনোর আগে তাঁরা ফিরে যান। বিকেল পর্যন্ত অবশ্য তা নিয়ে থানায় লিখিত অভিযোগ করেননি সিপিএম নেতৃত্ব। আলিপুরদুয়ারের মহকুমা পুলিশ আধিকারিক অম্লান ঘোষের কথায়, ‘‘ফালাকাটায় কোন গণ্ডগোলের খবর ঘটেছে বলে আমার কাছে খবর নেই।’’ এ দিন অবশ্য বন্‌ধের সমর্থনে ফালাকাটায় সিপিএম কোনও মিছিল বের করেনি। ১১টা নাগাদ তাঁরা ৩১ নম্বর জাতীয় সড়ক অবরোধ করেন। দু’মিনিটের মধ্যে এক দল তৃণমূল কর্মী-সমর্থক এসে জোর করে অবরোধ তুলে দিয়ে সিপিএম কর্মীদের দিকে লাঠি নিয়ে তেড়ে যান বলে অভিযোগ। কয়েক জন কর্মী পার্টি অফিসে ঢুকে পড়েন। অভিযোগ, সেখানে ঢুকেও তাঁরা হামলা চালান। আলিপুরদুয়ার জেলা সিপিএম নেতা মৃণাল রায় বলেরছেন, ‘‘আমাদের কর্মীরা পার্টি অফিসের বাইরে দাঁড়িয়ে ছিলেন। সে সময় আচমকা তৃণমূল হামলা চালিয়েছে। ঘটনার পরিপ্রেক্ষিতে তাঁরা থানায় অভিযোগ দায়ের করবেন কিনা এবং ওই ঘটনা নিয়ে কী ধরনের প্রতিবাদ করা হবে তা বৈঠক করে সিদ্ধান্ত নেওয়া হবে।’’ জেলা তৃণমূলের সভাপতি সৌরভ চক্রবর্তীর দাবি, ‘‘সিপিএম নিজেরাই চেয়ার টেবিল ভেঙে আমাদের উপর দোষ চাপাচ্ছেন।’’

বেআইনি অস্ত্র রাখায় ধৃত তিন

নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি

বেআইনি পিস্তল রাখার অভিযোগে তিনজনকে গ্রেফতার করল শিলিগুড়ির মাটিগাড়া থানার পুলিশ। বৃহস্পতিবার বিকেলে মাটিগাড়ার গভর্নমেন্ট কলোনি এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। তাদের কাছ থেকে একটি নাইনএমএম পিস্তল ও সাত রাউন্ড গুলিও উদ্ধার করা হয়েছে বলে জানা গিয়েছে। শিলিগুড়ি পুলিশের দায়িত্বপ্রাপ্ত ডিসি (পশ্চিম) শ্যাম সিংহ বলেন, ‘‘এদের কাছ থেকে একটি পিস্তল ও কয়েক রাউন্ড গুলি উদ্ধার হয়েছে।’’ পুলিশ জানিয়েছে, ধৃত সেন্টু সাহা, সনাতন চৌধুরী ওরফে সোনা এবং সৌমেন দত্ত ওরফে বাবাইকে এদিন গোপন সূত্রে খবর পেয়ে ওই এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। এরা কয়েক মাস আগে শিলিগুড়ির দাগাপুরের একটি বিনোদ পার্কের পানশালায় মদ্যপ অবস্থায় গুলি চালানোর ঘটনায় গ্রেফতার হয়েছিল বলে পুলিশ জানায়।

বচসায় ধুন্ধুমার

নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি

ক্রেতা-বিক্রেতার বিবাদের জেরে উত্তেজনা ছড়াল শিলিগুড়ির ঘোগোমারিতে। বৃহস্পতিবার রাতে স্থানীয় এক মোমো বিক্রেতার সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন এক যুবক। বচসার পরেই ওই বিক্রেতা নিজের এলাকা থেকে এক দল যুবককে নিয়ে এসে ওই যুবককে মারধর করেন বলে অভিযোগ। ঘটনায় জখম যুবককে শিলিগুড়ি নার্সিংহোমে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে প্রহৃত যুবকের এলাকার লোকেরা মোমোর ভ্যানটি জ্বালিয়ে দেন। ভক্তিনগর থানার পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য কয়েক জনকে আটক করেছে।

ধর্মঘটেও স্বাভাবিক দার্জিলিং

ছবি: রবিন রাই।

ধর্মঘটে পর্যটকদের ছাড় দেওয়া হয়েছিল। দার্জিলিংও এ দিন ছিল আর ক’দিনের মতোই স্বাভাবিক। বৈশাখেও সামান্য ঠান্ডা। ম্যালে ভানুভক্তের মূর্তির পিছনে বসে গল্প করছেন কেউ। ঘোড়ায় চড়ে ঘুরেছেন অনেকে। কেউ মোবাইলে নিজস্বী তুলছেন। কোথাও নিশ্চিন্তে খেলছে বাচ্চারা। কারও হাতে কফির কাপ দিয়ে গিয়েছেন হকার। তবে বিজেপি-র জোট সঙ্গী গোর্খা জনমুক্তি মোর্চা-নেতা রাস্তায় চোখে পড়েনি।

বাংলো ঘেরাও

বাগানের অচলাবস্থার কারণ বিষয়ে সদুত্তর না পেয়ে ম্যানেজারের বাংলো ঘেরাও করে বিক্ষোভ দেখালেন শ্রমিকেরা। বৃহস্পতিবার ডুয়ার্সের মালবাজার থানার বাগরাকোট চা বাগানের ঘটনা। ঘন্টা খানেক বিক্ষোভ চলে। সে সময় ম্যানেজার ছিলেন না। পুলিশ বাংলো বিক্ষোভমুক্ত করলেও শ্রমিকেরা ফের কারখানার সামনে বিক্ষোভ দেখান।

ভূমিকম্পের জেরে বাড়ির ছাদ ধসে মৃত মংলু রায়ের ছেলের হাতে চেক তুলে দিচ্ছেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী গৌতম দেব। ছবি: সন্দীপ পাল।

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy