Advertisement
E-Paper

পচা ডিমের নিশানায় এ বার উদয়ন! ডিম্বাস্ত্র থেকে বাঁচাতে হেলমেট পরিয়ে কোর্টে নিয়ে যাওয়া হল প্রাক্তন মন্ত্রীকে

বুধবার কলকাতার ফুলবাগানের বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছিল রাজ্যের প্রাক্তন মন্ত্রী উদয়ন গুহকে। সড়কপথে তাঁকে কলকাতা থেকে দিনহাটায় নিয়ে যায় পুলিশ। ভোর ৫টা নাগাদ দিনহাটা থানায় নিয়ে যাওয়া হয় উদয়নকে।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১৮ জুন ২০২৬ ১৪:২৯
দিনহাটা থানায় ঢুকছেন উদয়ন গুহ। বৃহস্পতিবার সকালে।

দিনহাটা থানায় ঢুকছেন উদয়ন গুহ। বৃহস্পতিবার সকালে। —নিজস্ব চিত্র।

ডিমের ঘা থেকে রেহাই পেলেন না রাজ্যের প্রাক্তন মন্ত্রী উদয়ন গুহও। বৃহস্পতিবার দিনহাটা থানা থেকে বার করে তাঁকে স্বাস্থ্যপরীক্ষার জন্য দিনহাটা মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তাঁকে নিয়ে যাওয়া হয় দিনহাটা মহকুমা আদালতে। গোটা রাস্তাতেই পুলিশের প্রিজন ভ্যানের পিছনে ডিম হাতে ছুটতে থাকেন কয়েক জন। শেষমেশ ডিমের আঘাত থেকে রক্ষা করতে প্রাক্তন মন্ত্রীকে হেলমেট পরিয়ে গাড়িতে তোলে পুলিশ।

বুধবার কলকাতার ফুলবাগানের বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছিল রাজ্যের প্রাক্তন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহকে। সড়কপথে তাঁকে কলকাতা থেকে দিনহাটায় নিয়ে যায় পুলিশ। ভোর ৫টা নাগাদ দিনহাটা থানায় নিয়ে যাওয়া হয় উদয়নকে। উদয়ন থানায় রয়েছেন জেনে বাইরে ভিড় জমাতে থাকেন স্থানীয় কয়েক জন। কমবেশি প্রত্যেকের হাতেই ছিল ডিম। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে উদয়নকে হেলমেট পরানো এবং প্রিজ়ন ভ্যানের জানলা বন্ধ করার কৌশল নেয় পুলিশ।

উদয়নকে নিয়ে থানা থেকে প্রিজ়ন ভ্যানু বেরোতেই গাড়ির বন্ধ জানলা তাক করে পচা ডিম, আলু এমনকি জুতো ছোড়া হয়। চোর-চোর স্লোগান দিতে দিতে গাড়ির পিছনে ছুটতে থাকেন কয়েক জন। দিনহাটা মহকুমা হাসপাতাল চত্বরেও আগে থেকে কয়েক জন বিক্ষোভকারী হাজির ছিলেন। উদয়নকে নিয়ে সোজা জরুরি বিভাগে ঢুকে যায় পুলিশের গাড়ি। উদয়ন নামতেই ডিম-আলু ছোড়া হয়। মাথায় না-লাগলেও প্রাক্তন মন্ত্রীর পিঠে ডিম-আলু এসে লাগে। হাসপাতাল থেকে হেলমেট পরিয়েই আদালতে নিয়ে যাওয়া হয় উদয়নকে।

বুধবার একটি দুর্নীতি মামলার সূত্রে গ্রেফতার হয়েছিলেন উদয়ন। কলকাতা পুলিশের সাহায্যে তাঁকে গ্রেফতার করে কোচবিহার জেলা পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, আবাস যোজনায় উপভোক্তাদের সুবিধা দেওয়ার বিনিময়ে কাটমানি নেওয়ার অভিযোগ রয়েছে উদয়নের বিরুদ্ধে। সেই মামলার সূত্রেই তাঁকে গ্রেফতার করা হয়। তা ছাড়াও ২০২১ এবং ২০২৪ সালের ভোট-পরবর্তী হিংসায় নাম রয়েছে দিনহাটার প্রাক্তন বিধায়ক উদয়নের। বুধবারই উদয়নের গ্রেফতারির খবর প্রকাশ্যে আসার পর এলাকায় মিষ্টিবিলি করেছিলেন দিনহাটার বিজেপি কর্মী-সমর্থকেরা। এ বার উদয়নকে নিশানা করে ছোড়া হল ডিম, পচা আলু।

Udayan Guha
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy