E-Paper

গণনা নিয়ে তৎপরতা দুই জেলায়, চলছে চূড়ান্ত বৈঠক

সকাল ৮টায় পোস্টাল ব্যালট, সাড়ে ৮টায় ইভিএমে ভোট গণনা শুরু হবে। মাথাভাঙায় গণনা কেন্দ্রের লাগোয়া রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণ করার সিদ্ধান্ত হয়েছে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০১ মে ২০২৬ ০৮:৫৪
—প্রতিনিধিত্বমূলক ছবি।

—প্রতিনিধিত্বমূলক ছবি।

নির্বাচন কমিশনের নির্দেশিকা মেনে উত্তরের দুই জেলা আলিপুরদুয়ার ও কোচবিহারে ভোট গণনাকে নিয়ে তৎপরতা বাড়ালো প্রশাসন। ভোটগণনা নিয়ে ইতিমধ্যে জেলার রিটার্নিং অফিসার-সহ দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের সঙ্গে এক প্রস্থ বৈঠক করেছেন জেলা নির্বাচন আধিকারিক তথা কোচবিহারের জেলাশাসক জিতিন যাদব। কমিশনের নির্দেশিকা মেনে পুরো গণনা প্রক্রিয়ায় কী ভাবে কাজ করতে হবে সেটা সেখানে বোঝানো হয়েছে। আজ, শনিবার ফের গণনা প্রক্রিয়া নিয়ে বৈঠক করার কথা রয়েছন প্রশাসনের কর্তাদের। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, কোচবিহারের পাঁচটি কেন্দ্রে ন’টি আসনের ভোট গণণা হবে। প্রতিটি গণনা কেন্দ্রের নিরাপত্তা আঁটোসাঁটো করা হয়েছে। দায়িত্বপ্রাপ্ত কর্মীদেরও প্রয়োজনীয় প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। কোচবিহারে সব মিলিয়ে জেলাজুড়ে পাঁচশোজনের বেশি কর্মী গণনার দায়িত্বে থাকছেন।

জেলা নির্বাচন আধিকারিক তথা কোচবিহারের জেলাশাসক জিতিন যাদব বলেন, “নির্দেশিকা মেনে গণনার প্রস্তুতি নেওয়া হয়েছে। রিটানিংঅফিসারদের প্রশিক্ষণ হয়েছে।” কোচবিহার প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ইভিএমবন্দি ভোট গণনার জন্য প্রত্যেক বিধানসভা এলাকা ভিত্তিক ১৪টি টেবিল থাকবে। সকাল ৮টায় পোস্টাল ব্যালট, সাড়ে ৮টায় ইভিএমে ভোট গণনা শুরু হবে। মাথাভাঙায় গণনা কেন্দ্রের লাগোয়া রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণ করার সিদ্ধান্ত হয়েছে।

ভোট গণনাকে ঘিরে জোর তৎপরতা চলছে আলিপুরদুয়ার জেলাতেও। অন্যান্য বারের মতো এ বারও আলিপুরদুয়ার বিশ্ববিদ্যালয়েই (আগে যা আলিপুরদুয়ার কলেজ ছিল) জেলার পাঁচটি বিধানসভা আসনের ভোট গণনা হবে। নির্বাচনের কাজে যুক্ত জেলা প্রশাসনের কর্তারা জানিয়েছেন, সেখানে গণনার জন্য প্রয়োজনীয় পরিকাঠামো তৈরির কাজ একেবারে শেষ পর্যায়ে রয়েছে। জেলার গণনাকর্মীদের প্রশিক্ষণ ইতিমধ্যেই হয়ে গিয়েছে। শহরের রবীন্দ্র মঞ্চে বৃহস্পতিবার বিভিন্ন দলের কাউন্টিং এজেন্টদের প্রশিক্ষণ দেওয়া হয়। মূলত, কমিশনের গাইডলাইন অনুযায়ী কাউন্টিং এজেন্টদের কী কী করণীয়, সেটাই তাদের সেখানে বোঝানো হয়।

তবে সরকারি কর্মী বা সরকার পোষিত কোনও প্রতিষ্ঠানের কেউ কাউন্টিং এজেন্ট হতে পারবেন না বলে কমিশন নির্দেশ দেওয়ায় শাসক-বিরোধী প্রায় সব দলই কিছুটা সমস্যায় পড়েছেন। তৃণমূল ও বিজেপি- দুই শিবির সূত্রেরই খবর, যার ফলে এবার অনেক নতুন কাউন্টিং এজেন্ট দিতে হবে তাদের। দুই দলের তরফেই অবশ্য তাদের প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে।

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

Cooch Behar Alipurduar

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy