E-Paper

দুয়ারে ভোট,রমরমা বৃদ্ধি আগ্নেয়াস্ত্রের

ভোট আসতে তা সক্রিয় হয়ে উঠেছে। তদন্তকারী পুলিশ আধিকারিকেরা জানতে পেরেছেন, কোচবিহারে অস্ত্র ঢুকছে মূলত বিহার থেকে।

নমিতেশ ঘোষ

শেষ আপডেট: ১২ মার্চ ২০২৬ ০৯:০৫
—প্রতিনিধিত্বমূলক ছবি।

—প্রতিনিধিত্বমূলক ছবি।

ভোট এলে চাহিদা বাড়ে আগ্নেয়াস্ত্রের। কোচবিহারে কান পাতলে এমন অভিযোগ শোনা যায়। গত এক মাসে কোচবিহার জেলায় পুলিশের আগ্নেয়াস্ত্র ও কার্তুজ উদ্ধারের পরিসংখ্যানও সেই অভিযোগকে পোক্ত করেছে। গ্রেফতার করা হয়েছে সাত জন। বিরোধীরা বলছে, এতো হিমশৈলের চূড়া মাত্র। বাকি অস্ত্র উদ্ধারে পুলিশ আরও সক্রিয় হওয়া উচিত।

কোচবিহারের পুলিশ সুপার সন্দীপ কাররা অবশ্য বলেন, ‘‘আগ্নেয়াস্ত্র উদ্ধারে কোনও খামতি রাখা হচ্ছে না। নিয়মিত তল্লাশি চলছে। বেশ কিছু আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে। বাকি যদি কারও কাছে থেকে থাকে, তা হলে তা উদ্ধার করা হবে।’’

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ডুয়ার্স-কোচবিহারকে কেন্দ্র করে অস্ত্রের কারবারের একটি চক্র রয়েছে। ভোট আসতে তা সক্রিয় হয়ে উঠেছে। তদন্তকারী পুলিশ আধিকারিকেরা জানতে পেরেছেন, কোচবিহারে অস্ত্র ঢুকছে মূলত বিহার থেকে। কিসানগঞ্জ-ইসলামপুর হয়ে অস্ত্র নিয়ে শিলিগুড়ি পৌঁছয় দুষ্কৃতীরা। শিলিগুড়ি থেকে দু’টি রুটে ভাগ হয়ে যায়। একটি সেবক-ডুয়ার্স হয়ে কোচবিহারে পৌঁছয়। আর একটি ময়নাগুড়ি, ধূপগুড়ি হয়ে কোচবিহার। অবশ্য ইদানীং অসমের একটি চক্রও সক্রিয় হয়ে উঠেছে। যারা অসম থেকে বিভিন্ন পথে অস্ত্র নিয়ে হাজির হচ্ছে কোচবিহারে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, একটি পাইপগানের ন্যূনতম দাম তিন থেকে সাড়ে তিন হাজার টাকা। একটি গুলি পাঁচশো টাকা। একটু আধুনিক হলে কুড়ি থেকে পঞ্চাশ হাজার টাকা। কখনও তারও বেশি দরে বিক্রি হয়।

বিজেপির কোচবিহার জেলার সহ-সভাপতি বিরাজ বসু বলেন, ‘‘পুলিশ যা উদ্ধার করেছে তা খুবই সামান্য। প্রচুর অস্ত্র এখনও রয়েছে শাসক দলের দুষ্কৃতীদের হাতে। তা উদ্ধার করতে পুলিশের আরও সক্রিয় হতে হবে।’’

তৃণমূলের কোচবিহার জেলা চেয়ারম্যান গিরীন্দ্রনাথ বর্মণ বলেন, ‘‘দুষ্কৃতীদের আশ্রয় দেয় বিজেপি। পুলিশ অস্ত্র উদ্ধার করছে। কেউ ছাড় পাবে না।’’

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

Cooch Behar Firearms

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy