Advertisement
E-Paper

Mamata Banerjee: রবিবার আসছেন মুখ্যমন্ত্রী

উত্তরের রাজনৈতিক পরিস্থিতি থেকে প্রশাসনিক অবস্থা এবং সর্বশেষ প্রাকৃতিক বিপর্যয়— সব খতিয়ে দেখে পর্যালোচনা করতেই মুখ্যমন্ত্রীর উত্তরবঙ্গ সফর।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২২ অক্টোবর ২০২১ ০৫:৩৩
ফাইল চিত্র।

ফাইল চিত্র।

আবহাওয়া থেকে রাজনীতি, সব কিছু ঠিকঠাক থাকলে তৃতীয়বার রাজ্যে ক্ষমতায় আসার পর প্রথমবার উত্তরবঙ্গে আসছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সরকারি সূত্রের খবর, ২৪ অক্টোবর, রবিবার বিকেলের মধ্যে মুখ্যমন্ত্রীর শিলিগুড়ি আসার কথা। উত্তরের রাজনৈতিক পরিস্থিতি থেকে প্রশাসনিক অবস্থা এবং সর্বশেষ প্রাকৃতিক বিপর্যয়— সব খতিয়ে দেখে পর্যালোচনা করতেই মুখ্যমন্ত্রীর উত্তরবঙ্গ সফর। তবে তিনি দার্জিলিং জেলার শিলিগুড়ি এবং কার্শিয়াং ছাড়া কোথাও যাবেন না বলেই সূত্রের দাবি। দু’টি প্রশাসনিক বৈঠকের পর ধস, ক্ষতির পরিস্থিতি দেখে সরকারের বক্তব্য তিনি উত্তরবঙ্গের মানুষের সামনে তুলে ধরতে পারেন। উত্তরবঙ্গ উন্নয়ন দফতরও তাঁর হাতে। সেই হিসাবেও এই সফর যথেষ্ট গুরুত্বপূর্ণ।

প্রশাসন সূত্রের খবর, ২৪ অক্টোবর বিকেলের মধ্যে শিলিগুড়ি পৌঁছে সন্ধেয় এখানে একটি বিজয়া সম্মিলনীতে অংশ নেওয়ার কথা মুখ্যমন্ত্রীর। ২৫ তারিখ শিলিগুড়িতে উত্তরকন্যায় তিনি প্রশাসনিক বৈঠক করবেন। সমতলের জেলাগুলি এতে অংশ নেবে। ২৬ অক্টোবর মুখ্যমন্ত্রী কার্শিয়াং থাকতে পারেন। সে দিন সেখানে তাঁর আরেকটি প্রশাসনিক বৈঠক করার কথা। দার্জিলিং এবং কালিম্পং জেলা নিয়েই মূলত বৈঠক হবে। পরের দিন, ২৭ অক্টোবর তিনি ধসে বিধ্বস্ত কোনও এলাকা ঘুরে দেখতে পারেন। যদিও এখনও তা পুরোপুরি স্থির হয়নি। ২৮ অক্টোবর কার্শিয়াং থেকে বাগডোগরা বিমানবন্দর হয়ে মুখ্যমন্ত্রীর কলকাতা ফেরার কথা। পুলিশের উত্তরবঙ্গের এক শীর্ষকর্তার কথায়, ‘‘মুখ্যমন্ত্রীর আপাতত সফরসূচি চূড়ান্ত। গতবার ভবানীপুরের ভোট ঘোষণা এবং তার আগে দক্ষিণবঙ্গের আবহাওয়ার জন্য ওঁর সফর বাতিল হয়েছিল।’’

বিধানসভা ভোটে বিজেপি উত্তরবঙ্গে তৃণমূলের থেকে কি‌ছুটা ভাল ফল করে। যদিও বিজেপির বেসুরোদের সংখ্যা বাড়তে থাকায় দলের সংখ্যাগরিষ্ঠতা উত্তরবঙ্গে কত দিন থাকবে, তা নিয়ে সন্দেহ রয়েছে। এর সঙ্গে রয়েছে বিজেপি সাংসদের তোলা বঙ্গভঙ্গের দাবি। যা নিয়ে বিস্তর বিতর্ক চলছে। পাহাড় নিয়েও কেন্দ্র শুরু করেছে ত্রিপাক্ষিক বৈঠক। সেখানও তৃণমূল-সহযোগী বিমল গুরুং এবং অনীত থাপা আলাদা দল করে নিজেদের জমি শক্তি করছেন। এর মধ্যে কেন্দ্র বিএসএফের এক্তিয়ার সীমান্ত থেকে ৫০ কিমি পর্যন্ত বৃদ্ধির পরে উত্তরবঙ্গের ছ’টি জেলায় সরাসরি পড়বে। যা নিয়ে তৃণমূল আন্দোলনের কথাও বলেছে। এই পরিস্থিতিতে মমতার উত্তরবঙ্গ সফর যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।

Mamata Banerjee
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy