চিকিৎসক দিবসে ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশনের (আইএমএ) জলপাইগুড়ি শাখার কার্যালয়ে বিধানচন্দ্র রায়ের আবক্ষ মূর্তি বসানোর কর্মসূচিতে হাজির হননি এক বড় অংশের চিকিৎসকেরা। উত্তরবঙ্গ লবির অন্যতম প্রধান সুশান্ত রায় এবং তাঁর ঘনিষ্ঠদের দখলে থাকা এই সংগঠনের পদাধিকারীদের এক বড় অংশ পদত্যাগ করছেন। সুশান্তের দাবি, এগুলি সংগঠনের অভ্যন্তরীণ বিষয়।
অ্যাসোসিয়েশন সূত্রের খবর, সংগঠনের দক্ষিণ দিনাজপুর শাখার পক্ষ থেকে জলপাইগুড়ি শাখার জন্য বিধানচন্দ্র রায়ের আবক্ষ একটি মূর্তি পাঠানো হয়েছিল। বুধবার চিকিৎসক দিবস উপলক্ষে ওই মূর্তির আবরণ উন্মোচনের কর্মসূচির কথা অ্যাসোসিয়েশনের ওয়াটস্যাপ গ্রুপে জানিয়েছিলেন সম্পাদক সুশান্ত রায়। যদিও কর্মসূচিতে সম্পাদক সুশান্ত রায় নিজেও উপস্থিত হননি। অ্যাসোসিয়েশনের অন্যতম প্রবীণ সদস্য নিতাই মুখোপাধ্যায় মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা জানান। তিনি এ দিন বলেন, ‘‘অ্যাসোসিয়েশনের সভাপতি পদ থেকে পদত্যাগ করলেও একজন সাধারণ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছি।’’ ।
আর জি কর-কাণ্ডের পর থেকেই এই সংগঠনের অন্দরে উত্তরবঙ্গ লবির বিরুদ্ধে সরব হতে শুরু করেন একাংশের চিকিৎসকেরা। আর জি কর-কাণ্ডে অভিযুক্ত চিকিৎসকদের মধ্যে কয়েকজন এখনও পর্যন্ত সংগঠনের পদাধিকারী হিসেবে রয়েছেন বলে দাবি চিকিৎসকদের। সুশান্ত রায় এবং তাঁর ঘনিষ্ঠদের বিরুদ্ধে প্রতিবাদে সরব হতে শুরু করেন সংগঠনের একাংশের চিকিৎসকরা। রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর ফের সংগঠনের পদাধিকারীদের বিরুদ্ধে বিক্ষোভ দেখান সংগঠনের একাংশের চিকিৎসকরা।
অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটির এক সদস্য বলেন, ‘‘দীর্ঘদিন ধরে উত্তরবঙ্গ লবি সম্পূর্ণ অগণতান্ত্রিক ভাবে ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশনের জলপাইগুড়ি শাখা পরিচালনা করছে। এই লবির অগণতান্ত্রিক কার্যকলাপের প্রতিবাদ জানালেই সরকারি চিকিৎসকদের নানান ভাবে হেনস্থা করা হতো। মুখ বুজে অনেকেই এই লবির অন্যায় কাজ মেনে নিতেন। রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর থেকে নির্ভয়ে এখন অনেকেই উত্তরবঙ্গ লবি ছেড়ে বের হতে চাইছেন।’’ অ্যাসোসিয়েশন সূত্রে জানা গিয়েছে, আজ, বৃহস্পতিবার বিকেলে অ্যাসোসিয়েশনের সাধারণ সভা আহ্বান করা হয়েছে বলে ওয়াটস্যাপ গ্রুপে সম্পাদক জানিয়েছেন।
সুশান্ত রায় বলেন, ‘‘শারীরিক অসুস্থতার কারণে আমাকে নিভৃতবাসে থাকতে হচ্ছে। অ্যাসোসিয়েশনের চিকিৎসক দিবসের সকালের কর্মসূচিতে সদস্যদের বেশিরভাগ দীর্ঘদিন ধরেই হাজির থাকেন না। এটা নতুন কিছু নয়। সংগঠনের অভ্যন্তরীণ বিষয় নিয়ে কোনও মন্তব্য করতে চাই না।’’
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)