E-Paper

কর্কট রোগে মেডিক্যালে চালু ব্র‍্যাকিথেরাপি ইউনিট

হাসপাতাল সূত্রে খবর, প্রায় আট কোটি টাকা মূল্যের যন্ত্রপাতি দিয়ে ব্র‍্যাকিইউনিটটি তৈরি করা হয়েছে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০২ জুলাই ২০২৬ ০৮:৫১
বাঁকুড়া মেডিক্যালে নতুন পরিষেবা চালু করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

বাঁকুড়া মেডিক্যালে নতুন পরিষেবা চালু করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নিজস্ব চিত্র ।

কর্কট রোগের উন্নত চিকিৎসা পরিষেবা দেওয়ার কাজে আরও এক ধাপ এগোল বাঁকুড়া মেডিক্যাল। বুধবার চিকিৎসক দিবসে চালু হল ব্র‍্যাকিথেরাপি ইউনিট। কলকাতা থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ওই ইউনিটের উদ্বোধন করেন। বাঁকুড়া মেডিক্যালে এই উপলক্ষে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন বাঁকুড়ার জেলাশাসক অনীশ দাশগুপ্ত, বাঁকুড়া মেডিক্যাল কলেজের অধ্যক্ষ পঞ্চানন কুন্ডু, হাসপাতাল সুপার অর্পণকুমার গোস্বামী প্রমুখ।

হাসপাতাল সূত্রে খবর, প্রায় আট কোটি টাকা মূল্যের যন্ত্রপাতি দিয়ে ব্র‍্যাকিইউনিটটি তৈরি করা হয়েছে। সুপার জানান, কর্কট রোগীদের রেডিয়োথেরাপি দেওয়ার কাজ হবে ওই ইউনিটে। এক্ষেত্রে সংশ্লিষ্ট রোগীর শরীরে যে অংশ কর্কট রোগে আক্রান্ত নির্দিষ্ট ভাবে সেই এলাকাতেই রেডিয়েশন দেওয়া যাবে। পুরনো পদ্ধতিতে (কোবাল্ট থেরাপি) ওই বিশেষ অংশকে চিহ্নিত করে রেডিয়েশন দেওয়া যেত না। এতে রোগীর শরীরের অন্যান্য অঙ্গের ক্ষতির ঝুঁকি থাকত। ব্র‍্যাকিথেরাপির ক্ষেত্রে তা হওয়ার সম্ভাবনা নেই। ফলে পার্শ্বপ্রতিক্রিয়াও কম হয়। রেডিয়েশন দিতে সময়ও লাগে কম। তবে মূলত সার্ভাইক্যাল ক্যানসারের ক্ষেত্রেই ব্র‍্যাকিথেরাপি বিশেষ প্রযোজ্য। এছাড়াও স্তনের কর্কট রোগ, মাথা ও গলার কর্কট রোগ, প্রোস্টেট বা চোখের কর্কট রোগেও ব্র‍্যাকিথেরাপির
ভূমিকা রয়েছে।

বাঁকুড়া মেডিক্যালে ব্র‍্যাকিথেরাপি ইউনিট না থাকায় এতদিন সার্ভাইক্যাল কর্কট রোগে আক্রান্তদের বর্ধমান মেডিক্যালে পাঠানো হত। এ বার তাদের হয়রানি কমবে বলেই মনে করছেন বাঁকুড়া মেডিক্যাল কর্তৃপক্ষের।

হাসপাতাল সুপার বলেন, “রাঢ়বঙ্গে একমাত্র বাঁকুড়া মেডিক্যালেই ব্র‍্যাকিথেরাপি চালু হল। এর ফলে বাঁকুড়া, পুরুলিয়া ছাড়াও পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলা এবং লাগোয়া ঝাড়খণ্ডের রোগীরাও সুবিধা পাবেন। আমাদের ক্যানসার ইউনিটে দুই মেদিনীপুর ও ঝাড়খণ্ডের বহু মানুষ নিয়মিত চিকিৎসা করাতে আসেন।”

বাঁকুড়া মেডিক্যালের কর্কট রোগ বিভাগে রোগীর সংখ্যা উত্তোরোত্তর বাড়ছে। এই পরিস্থিতিতে হাসপাতালে উন্নতমানের পরিষেবার দাবিও জোরালো হচ্ছে। বহু রোগীকেই পরিকাঠামোগত ঘাটতিতে এই হাসপাতালে চিকিৎসা না পেয়ে ভিন্‌ জেলায় বা কলকাতায় উন্নত চিকিৎসার জন্য যেতে হয় বলে ক্ষোভ শোনা যায়।

ব্র‍্যাকিথেরাপি ইউনিট চালুর পরে বাঁকুড়া মেডিক্যালে কর্কট আক্রান্ত রোগীদের শরীরের ভিতর পূঙ্খানুপুঙ্খ ছবি তুলে ধরার সিটি সিমুলেটর মেশিন ও আরও কার্যকরী রেডিয়োথেরাপির জন্য লিনিয়ার অ্যাক্সিলেটর মেশিনের দাবিও উঠছে। সূত্রের দাবি, বিষয়টি রাজ্য স্বাস্থ্য দফতরের কাছে তুলে ধরেছে মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ। পরিকাঠামোগত ত্রুটি মিটিয়ে বাঁকুড়া মেডিক্যালের কর্কট রোগ বিভাগকে আরও কার্যকর ভাবে গড়ে তুলতে হাসপাতাল চত্বরে বিশেষ জায়গাও চিহ্নিত হয়েছে বলে সূত্রের দাবি।

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

Bankura Medical College Cancer treatment

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy