পথ নিরাপত্তা নিশ্চিত করতে বাড়তি জোর দিচ্ছে পুরুলিয়া জেলা পুলিশ। সেই লক্ষ্যে পুরুলিয়া মফ্ফসলের হাতুয়াড়া, রঘুনাথপুর ও হুড়া থানায় তৈরি হল ট্র্যাফিক গার্ডের কার্যালয়। বুধবার কার্যালয়গুলির উদ্বোধন করেন পুরুলিয়ার জেলা পুলিশ সুপার কুমার সানি রাজ।
পুরুলিয়াতে পথ দুর্ঘটনা অতীতের তুলনায় বেড়ে যাওয়ার চিন্তায় পুলিশ। জাতীয় ও রাজ্য সড়কগুলি চওড়া, সম্প্রসারিত ও মসৃণ হওয়ায় গাড়ির গতি বেড়েছে। যার জেরে দুর্ঘটনা বাড়ছে বলে দাবি পুলিশের। পুলিশ সুপার জানান, পথ দুর্ঘটনা নিয়ন্ত্রণে সক্রিয় ভাবে কাজ করবে ট্র্যাফিক গার্ড। এই তিন থানা এলাকায় দুর্ঘটনার সংখ্যা বেশি হওয়ায় প্রথম পর্যায়ে সেখানেই কার্যালয় গড়া হল। যেখানে দুর্ঘটনার সংখ্যা বেশি পরবর্তীতে সেখানেও ট্র্যাফিক গার্ডের কার্যালয় হবে। রাস্তায় উর্দিধারী পুলিশ থাকলে অপরাধও কমবে বলে প্রত্যয়ী
পুলিশ সুপার।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রতিটি ট্র্যাফিক গার্ডেই সাব ইনস্পেকটর পদমর্যাদার এক পুলিশ আধিকারিককে ওসির দায়িত্ব দেওয়া হয়েছে। থাকবেন এএসআই, কনস্টেবল, এনভিএফ ও সিভিক ভলান্টিয়ারেরা। রঘুনাথপুরের ক্ষেত্রে পুলিশ ও সিভিক ভলান্টিয়ার মিলিয়ে মোট ৮০ জন থাকছেন। হাতুয়াড়তে থাকবেন ১১৬ জন। ট্র্যাফিক গার্ড থেকেই গোটা থানা এলাকার ট্র্যাফিক ব্যবস্থা
নিয়ন্ত্রিত করা হবে।
এ দিন রঘুনাথপুরে ক্ষুদিরাম মূর্তির পাশে অকেজো ট্র্যাফিক সিগন্যাল ব্যবস্থা ফের চালু করার আশ্বাসও দেন পুলিশ সুপার। তিনি বলেন, “ওই ট্র্যাফিক সিগন্যাল শুরুর বিষয়ে কয়েকটি বেসরকারি সংস্থার সঙ্গে আলোচনা হয়েছে। কী ভাবে সেটি ফের চালু করা
যায় দেখা হচ্ছে।”
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)