কেন্দ্রীয় বাজেটে অ্যাডভেঞ্চার টুরিজ়ম উন্নয়নে দেশের নানা জায়গা ইকো-ট্রেকিং ট্রেল্স এর কথা জানিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। অথচ সেই পরিকল্পনায় স্থান হয়নি শৈলরানি দার্জিলিঙের নাম করা সমস্ত ট্রেকিং রুটের। পশ্চিমবঙ্গে পাহাড় তথা দার্জিলিং, কালিম্পঙে সান্দাকফু, ন্যাওড়াভ্যালি, টাইগার হিলের মতো জনপ্রিয় ট্রেকিং রুট রয়েছে। কয়েক বছর আগে বর্তমানে শিলিগুড়ির মেয়র গৌতম দেব রাজ্যের পর্যটনমন্ত্রী থাকার সময় এই এলাকায় ৮৮টি ট্রেকিং রুট চিহ্নিত করে নথিভুক্ত করেন। বই প্রকাশ করা হয় পর্যটকদের কাছে সে সব তুলে দিতে। অথচ বাজেটে এই বিষয়ে পরিকল্পনায় তা না থাকায় হতাশ পাহাড়বাসীর সঙ্গে তিনিও। মেয়র বলেন, ‘‘চা, পর্যটন, কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়— কোনও কিছুর কথা নেই উত্তরবঙ্গের জন্য। অঞ্চলের মানুষকে ভাঁওতা দিলেন ওঁরা। একটা ট্রেন দিয়েছেন মাত্র। এঁরাই আবার উত্তরবঙ্গের বঞ্চনা নিয়ে কথা বলেন।’’ তাঁর দাবি, জয়ন্তীতে টয় ট্রেন ধাঁচে ট্রেন করা যেতে পারত।
যে পর্যটন ব্যবসা ঘিরে স্বপ্ন দেখে উত্তরবঙ্গের পাহাড়, তরাই, ডুয়ার্স — রবিবারের কেন্দ্রীয় বাজেটে সে ক্ষেত্রে উত্তরবঙ্গের ভাগ্যে শিকে ছেঁড়েনি। অথচ ন্যাশনাল ইনস্টিটিউট অব হসপিটালিটি মানেজমেন্ট গড়ে তোলার কথা, ২০টি জায়গায় ১০ হাজার টুরিস্ট গাইডের দক্ষতা বাড়ানোর প্রশিক্ষণ, নৃতত্ত্বগত ভাবে গুরুত্বপূর্ণ ১৫টি ‘হেরিটেজ সাইট’ পর্যটন কেন্দ্র হিসাবে গড়ে তোলার কথা রয়েছে বাজেট প্রস্তাবে। সে সবেও উত্তরবঙ্গের ক্ষেত্রে কিছু হওয়ার কোনও উল্লেখ নেই। ধর্মীয় পর্যটনে উত্তর-পূর্বে বুদ্ধিস্ট টুরিস্ট সার্কিট গড়ে তোলা, ডিজ়িটাল নলেজ গ্রিড করা, উত্তর ভারতে পূর্বোদয়া টুরিজম কেন্দ্র করার মতো নানা কিছু পর্যটনের উন্নয়নের কথা বাজেটে বলা হলেও, সেখানে উত্তরবঙ্গের নাম নেই। দার্জিলিঙের বিজেপি সাংসদ রাজু বিস্তা বলেন, ‘‘হাই স্পিড রেল করিডরের প্রকল্পে শিলিগুড়ি রয়েছে। ২০টি জায়গায় টুরিস্ট গাইডের প্রশিক্ষণে পাহাড়কে যুক্ত করা যাবে।’’
হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, জম্মু-কাশ্মীর, পূর্বঘাট ও পশ্চিমঘাট পর্বত মালায় আরাকু ভ্যালি, পোদিঘাই মালাই জায়গায় ইকো-ট্রেকিং ট্রেলস করার কথা বলা হয়েছে। উত্তর-পূর্বাঞ্চলে বুদ্ধিস্ট সার্কিট ঘিরে টুরিজ়ম ডেস্টিনেশন গড়ার প্রস্তাব রয়েছে। অরুণাচল প্রদেশ, সিকিম, অসম, মণিপুর, মিজোরাম, ত্রিপুরায় সেগুলি করার কথা বলা হয়েছে। দার্জিলিং, কালিম্পঙে পুরনো বৌদ্ধ মঠ, মনাস্ট্রি থাকলেও এই এলাকার উল্লেখ কেন্দ্রীয় বাজেটে নেই। হিমালয়ান হসপিটালিটি অ্যান্ড টুরিজম ডেভলপমেন্ট নেটওয়ার্ক -এর সাধারণ সম্পাদক সম্রাট সান্যাল বলেছেন, ‘‘এই এলাকার কথা হয়তো ভুলে গিয়েছেন। কেননা বাজেটে কিছু উল্লেখই নেই। এখানে বার্ড ওয়াচিং ট্রেল্সও তো রয়েছে।’’
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)