E-Paper

ভোটের আগে রেলের বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্তকে কটাক্ষ

বিরোধীরা রাজনৈতিক কটাক্ষ করলেও রেলের দাবি, প্রতি বছর গ্রীষ্মকালে ট্রেনে যাত্রী বেড়ে যায়। এ বারেও বেড়েছে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২১ এপ্রিল ২০২৬ ০৯:০৫
—প্রতিনিধিত্বমূলক ছবি।

—প্রতিনিধিত্বমূলক ছবি।

ভোটের আগে হঠাৎই কলকাতা-অসম থেকে ন’টি বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে উত্তর-পূর্ব সীমান্ত রেল। ট্রেনগুলি শিলিগুড়ি, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার স্টেশন থেকে চলাচল করবে। যাতায়াতের পথে থামবে একাধিক স্টেশনে। ট্রেনগুলি ‘অসংরক্ষিত বিশেষ’ ট্রেন হওয়ায় শুধু সাধারণ টিকিট কেটেও ওঠা যাবে। ট্রেন চলাচল শুরু হয়েছে গত রবিবার থেকে। বিরোধীদের কটাক্ষ, পরিযায়ী শ্রমিকদের ভোট পেতে বিজেপি রেলকে ব্যবহার করে রাজনীতি করছে। উত্তরবঙ্গে ভোট আগামী বৃহস্পতিবার। তার আগে উত্তরবঙ্গের জেলাগুলি দিয়ে চলাচল করা ট্রেনগুলি ভিড়ে ঠাসা, ভিন্ রাজ্যে বসবাস করা পরিযায়ী শ্রমিকেরা দলে-দলে বাড়ি ফিরছেন ভোটে। পরিযায়ী শ্রমিকদের জন্য সারা দেশ থেকে একশো জোড়া বিশেষ ট্রেন চালানোর ঘোষণা আগেই করেছিল রেল। তার সঙ্গে বাড়তি আরও ট্রেন চালাচ্ছে উত্তর-পূর্ব সীমান্ত রেল।

বিরোধীরা রাজনৈতিক কটাক্ষ করলেও রেলের দাবি, প্রতি বছর গ্রীষ্মকালে ট্রেনে যাত্রী বেড়ে যায়। এ বারেও বেড়েছে। সে কারণে বিশেষ ট্রেন দেওয়া হচ্ছে। রেল সূত্রের খবর, এ দিন সোমবার শিয়ালদহ থেকে একটি বিশেষ ট্রেন রওনা হয়েছে সেটি আলিপুরদুয়ার পর্যন্ত আসবে। আজ, মঙ্গলবার থেকে চলাচল শুরু করবে নিউ বঙ্গাইগাঁও-জলপাইগুড়ি রোড স্টেশন বিশেষ ট্রেন। আগামী ২৭ এপ্রিল পর্যন্ত প্রতিদিন যাতায়াত করবে ট্রেনটি। আজ থেকেই নিউ বঙ্গাইগাঁও-শিলিগুড়ি টাউন বিশেষ ট্রেনেরও চলাচল শুরু হয়েছে। গত রবিবার থেকে আলিপুরদুয়ার গোলকগঞ্জ ট্রেন চলাচল শুরু হয়েছে। রাঙ্গাপাড়া উত্তর থেকে ধূপগুড়ি পর্যন্ত আরেকটি বিশেষ ট্রেনও চলছে।

অসমে প্রচুর পরিযায়ী শ্রমিক কাজ করেন। তাঁদের যাতায়াতের জন্য ট্রেন যেমন রয়েছে তেমনিই দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসে শিয়ালদহেও পরিযায়ী শ্রমিকরা জড়ো হয়েছেন। তাঁদের যাতায়াতের জন্য শিয়ালদহ থেকে আলিপুরদুয়ার আরেকটি বিশেষ ট্রেন দেওয়া হয়েছে। উত্তরপূর্ব সীমান্ত রেলের এক আধিকারিক বলেন, ‘‘এখন ট্রেনে বিপুল ভিড়। চাপ বাড়ছে। সে কারণেই বিশেষ ট্রেন চালানো হচ্ছে। কখনও যাত্রী বেড়ে গেলে রেল এমন করে।’’

বিদায়ী অনগ্রসর কল্যাণ মন্ত্রী তথা তৃণমূল নেতা বুলু চিকবরাইক বলেন, ‘‘বিজেপি রেলকে ব্যবহার করে রাজনীতি করছে। যতরকম ষড়যন্ত্র সবই তো করছে।’’ অন্য দিকে, বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক বাপি গোস্বামীর মন্তব্য, ‘‘পরিযায়ী শ্রমিক ভাইয়েরা বাড়িতে ভোট দিতে আসবে তাতেও বিরোধীদের আপত্তি। আমরা তো চাইছি পরিযায়ীদের এই রাজ্যেই সম্মানের কাজ দিতে।’’

উত্তরবঙ্গে ভোট আগামী বৃহস্পতিবার। তার আগে পরিযায়ী শ্রমিকেরা দলে-দলে বাড়ি ফিরছেন। পরিযায়ী শ্রমিকদের জন্য সারা দেশ থেকে একশো জোড়া বিশেষ ট্রেন চালানোর ঘোষণা আগেই করেছিল রেল। তার সঙ্গে বাড়তি আরও ট্রেন চালাচ্ছে উত্তর-পূর্ব সীমান্ত রেল।

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

Jalpaiguri Indian Railways BJP

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy