E-Paper

উড়ালপুল নির্মাণের জন্য সমীক্ষা শুরু

রেলের দাবি, সমীক্ষা শেষ হওয়ার পরে বিস্তারিত রিপোর্ট দেওয়া হবে জেলা প্রশাসনকে। জেলা প্রশাসন রেলের রিপোর্ট অনুযায়ী জমি অধিগ্রহণ করবে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০২ জুলাই ২০২৬ ০১:৩৪
জলপাইগুড়ি শহরে উড়ালপুলের জন্য সমীক্ষার কাজে মাপজোক চলছে।

জলপাইগুড়ি শহরে উড়ালপুলের জন্য সমীক্ষার কাজে মাপজোক চলছে। নিজস্ব চিত্র

সমীক্ষা শুরু হল জলপাইগুড়ির তিন নম্বর গুমটির রেল উড়ালপুলের। প্রায় ৬০ থেকে ৯০ ফুট চওড়া হবে উড়ালপুল। সূত্রের খবর, জলপাইগুড়ি শহরের একটি বড় অংশ দিয়ে উড়ালপুল যাবে। ভবিষ্যতে উড়ালপুলের সম্প্রসারণেরও ব্যবস্থাও রাখা হবে। জলপাইগুড়ি শহরের পার্কের মোড় থেকে সমীক্ষা শুরু হয়েছে। যা চলবে বেগুনটারি পেরিয়ে আরও কিছুটা দূর। জলপাইগুড়ি শহর লাগোয়া মোহিতনগরে উড়ালপুল রয়েছে। দুই উড়ালপুল ভবিষ্যতে জুড়ে যাবে এমন সংস্থান রাখা হতে পারে বলে খবর। মঙ্গলবার জলপাইগুড়ির তিন নম্বর গুমটি-সহ লাগোয়া এলাকায় মাপজোক চলে। বেশ কিছু দোকান এবং ঘরে লাল এবং সাদা রঙের চিহ্ন দেওয়া হয়েছে। রেল সূত্রের খবর, সেই অংশ পর্যন্ত অধিগ্রহণ করা হতে পারে।

রেলের দাবি, সমীক্ষা শেষ হওয়ার পরে বিস্তারিত রিপোর্ট দেওয়া হবে জেলা প্রশাসনকে। জেলা প্রশাসন রেলের রিপোর্ট অনুযায়ী জমি অধিগ্রহণ করবে। ইতিমধ্যে এনজেপি লাগোয়ো ঠাকুরনগর এলাকায় রেলের উড়ালপুলের সমীক্ষা শেষ হয়ে জমি অধিগ্রহণ প্রক্রিয়া শুরু হয়েছে। জলপাইগুড়ি জেলা প্রশাসনের দাবি, দ্রুত জমি অধিগ্রহণের নির্দেশ এসেছে, সেই মতো কাজ চলছে। জলপাইগুড়ি শহরের তিন নম্বর গুমটিতে অধিকাংশ রেলের জমি উড়ালপুল তৈরির কাজে ব্যবহার করা হবে। রেলের জমি থেকে উচ্ছেদের নোটিসও দেওয়া হবে। রেলের জমি ছাড়া যেখানে জমি অধিগ্রহণের প্রয়োজন সেখানে ক্ষতিপূরণের প্যাকেজ তৈরি হচ্ছে।

জলপাইগুড়ি শহরের যানজট মেটাতে তিন নম্বর গুমটিতে উড়ালপুল তৈরির দাবি, দীর্ঘদিনের। সম্প্রতি জলপাইগুড়ি স্টেশনে ট্রেনের সংখ্যা বেড়ে যাওয়ায় সেই দাবি আরও জোরালো হয়েছে। রেলের তরফে উড়ালপুল তৈরিতে বরাদ্দও অনুমোদন হয়েছে। রেলের এক আধিকারিকের কথায়, ‘‘আগামী পঞ্চাশ বছরের উন্নয়নের দৃষ্টিকোণ থেকে উড়ালপুল তৈরি হবে। যাতে জলপাইগুড়ি শহরের দীর্ঘস্থায়ী পরিকাঠামো উন্নয়ন হয়।’’ জলপাইগুড়ির সাংসদ জয়ন্ত রায় বলেন, “সাধারণ মানুষের দাবি বারবার রেলকে জানিয়েছিলাম। রেল সেই মতো পরিকল্পনা করছে। জলপাইগুড়িবাসী এক অসামান্য উপহার পেতে চলেছে।’’

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

Jalpaiguri

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy