মানতে হবে সরকারের নিয়ম নীতি, না হলে বন্ধ করতে হবে ‘হোম স্টে’। মঙ্গলবার শিলিগুড়িতে একটি আলোচনা সভা থেকে এমনই কড়াকড়ির কথা বললেন রাজ্যের পর্যটন মন্ত্রী শঙ্কর ঘোষ। পাশাপাশি সব ক্ষেত্রেই পরিবেশ বাঁচানোর নিয়মও মানার নির্দেশ দিয়েছেন তিনি। এ দিন শিলিগুড়িতে হোম স্টে, হোটেল মালিক, ট্যুর অপারেটর ও পর্যটনের পরিবহণের সঙ্গে যুক্ত ব্যবসায়ী, সংগঠনগুলিকে নিয়ে আলোচনায় বসেছিলেন পর্যটন মন্ত্রী।
হোম স্টে মালিকদের সঙ্গে আলোচনার পরে তিনি বলেন, “শুধু হোম স্টে এর বোর্ড লাগিয়ে আর তা চালানো যাবে না। সরকারের যে নিয়ম নীতি রয়েছে সেই সমস্ত মেনে চালাতে হবে।” পাশাপাশি পরিবেশের ক্ষতি না করেই পরিবেশ নিয়ম মানারও কথা বলেছেন। বিভিন্ন সংগঠনের তরফে বেশকিছু প্রস্তাব, সমস্যার কথাও তুলে ধরা হয় আলোচনায়। মন্ত্রী ছাড়াও পর্যটন দফতরের আধিকারিকেরা ও দার্জিলিঙের সাংসদ রাজু বিস্তা এই আলোচনায় যোগ দিয়েছিলেন।
রাজ্য জুড়ে বিভিন্ন ভুঁইফোড় ভ্রমণ সংস্থাগুলি বন্ধ করতেও আগামীতে একটি অ্যাপ ও ওয়েবসাইট আনা হবে বলে জানান পর্যটনমন্ত্রী। তিনি বলেন, “অনেক পর্যটক অভিযোগ করেন যে তাঁরা ঘুরতে যাওয়ার জন্য বিভিন্ন ট্যুর অপারেটরদের টাকা দিয়ে প্রতারিত হয়েছেন। যে কারণে আমরা একটি অ্যাপ আনবো। যেখানে রেজিস্টার্ড সংস্থাগুলির নাম থাকবে। যাবতীয় তথ্য সেখানে থাকবে। যাতে পর্যটকদের কোনও রকম অসুবিধার মধ্যে না পড়তে হয়।”
এছাড়াও তিনি বলেন, “বন দফতরের সঙ্গে সমন্বয় রেখে রাজ্যে পর্যটনের স্বার্থে কাজ হবে। আগামী দুর্গাপুজোয় দেশের বাইরে থাকা সমস্ত বাঙালিদের একত্রিত করা হবে। বিদেশি পর্যটকদেরও যাতে আরও আনা যায় সে ব্যাপারেও পর্যটন দফতরের তরফে উদ্যোগ গ্রহণ করা হবে।” রাজ্যের পর্যটনকেন্দ্রগুলি থেকে যাতে কোনও পর্যটক বিরূপ প্রতিক্রিয়া নিয়ে না ফেরেন তা সুনিশ্চিত করতে হবে বলেও জানান শঙ্কর। এ দিনের আলোচনার মাঝেই ঘুম থেকে দার্জিলিং পর্যন্ত যানজটের সমস্যার কথাও উঠে আসে। সেই প্রসঙ্গেই সাংসদ রাজু বিস্তা বলেন, “একটি নতুন রাস্তা নির্মাণের ব্যাপারে সিদ্ধান্ত হয়েছে। সেই রাস্তা হয়ে গেলে পাহাড়ের যানজট সমস্যাকমে যাবে।”
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)