জমির রাস্তা ঘিরে সীমানার গাছ লাগানোকে কেন্দ্র করে দু’টি পরিবারের বিরোধের জেরে বুকে আঘাত লেগে মারা গেলেন এক মহিলা। শুক্রবার সন্ধ্যায় হলদিবাড়ি থানার হেমকুমারী পঞ্চায়েতের শাকারিয়া পাড়ার ঘটনা। ওই রাতে মৃত মহিলা যশোমতি রায়ের (৬২) ছেলে কৃষ্ণপদ রায় তাঁর দুই জ্যাঠতুতো ভাই বিনয় ও গৌতমের নামে অভিযোগ করেন। পুলিশ জানায় যশোমতিদেবীর বাড়ির পাশেই তাঁর ভাসুরের বাড়ি। সামনে কৃষি জমি। শুক্রবার বিকেলে সেই জমির সীমানায় গাছ লাগিয়ে ঘিরে দিতে যায় বিনয় এবং গৌতম। তাতে রাস্তা বন্ধ হয়ে যাওয়ায় কৃষ্ণপদ এসে বাধা দিলে কথা কাটাকাটি হয়। তার পর ধাক্কাধাক্কি শুরু হয়। গোলমাল থামাতে যশোমতিদেবী ঘটনাস্থলে গেলে দু’পক্ষের মাঝখানে পড়ে তাঁর বুকে আঘাত লাগে।