দার্জিলিং ম্যারাথনের উদ্বোধনে আসছেন পদ্মশ্রী ও অর্জুন পুরস্কার জয়ী অ্যাথলিট সাইনি আব্রাহাম উইলসন। আগামী ১২ জানুয়ারি দার্জিলিং পুলিশের উদ্যোগে এই হাফ ম্যারাথন হবে বলে জানানো হয়েছে। শুক্রবার শিলিগুড়ির সার্কিট হাউসে এক সাংবাদিক বৈঠকে এ কথা জানান দার্জিলিংয়ের জেলা পুলিশ সুপার অমিত জাভালগি। সুখিয়াপোখরি থেকে শুরু হয়ে ২১ কিলোমিটার রাস্তা পাড়ি দিয়ে ম্যারাথন শেষ হবে দার্জিলিং ম্যালের চৌরাস্তায়। উদ্যোক্তাদের তরফে জানানো হয়, প্রথম পুরস্কার প্রাপক পাবেন দেড় লক্ষ টাকা এবং দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীকে যথাক্রমে ৭৫ হাজার এবং ৫০ হাজার টাকা দেওয়া হবে। তিনি বলেন, ‘‘ম্যারাথনে যোগ দেওয়া খেলোয়াড়দের প্রত্যেককে চিকিৎসকের দেওয়া শারীরিক সক্ষমতার শংসাপত্র নিয়ে আসতে হবে। সেটা ছাড়া নাম নথিভুক্ত করালে তিনি যোগ দিতে পারেন, কিন্তু পুরস্কারের জন্য বিবেচিত হবেন না।’’ প্রতিযোগীরা দার্জিলিং পুলিশের যে কোনও থানায়, বা অনলাইনেও দার্জিলিং পুলিশের ওয়েবসাইটে নাম নথিভুক্ত করতে পারবেন। যাঁরা আগে থেকে নাম নথিভুক্ত করতে পারবেন না, সরাসরি সুখিয়াপোখরিতে ১১ জানুয়ারির মধ্যে পৌঁছে গেলে সেখানেই নাম নথিভুক্ত করা যাবে ওই দিন পর্যন্ত। সারা দিনই আলাদা শিবির করে নাম নথিভুক্তকরণ চলবে। ১২ জানুয়ারি সকাল সাতটায় প্রতিযোগিতার ফ্ল্যাগ অফ করবেন এশিয়ান গেমসে সোনাজয়ী অ্যাথলিট।