Advertisement
E-Paper

মহকুমা পরিষদ নির্বাচনের আগে প্রস্তুতি কংগ্রেসের

আজ শনিবার দলীয় কর্মসূচিতে যোগ দিতে শিলিগুড়ি আসছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৮ অগস্ট ২০১৫ ০২:২১

আজ শনিবার দলীয় কর্মসূচিতে যোগ দিতে শিলিগুড়ি আসছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী।

মহকুমা পরিষদ নির্বাচনকে সামনে রেখে ঘর গোছাতেই অধীর আসছেন বলে জানা গিয়েছে। শুক্রবার বিকেলে শিলিগুড়িতে দার্জিলিং জেলা কংগ্রেস কার্যালয় বিধান ভবনে এক সাংবাদিক বৈঠক করে এ কথা জানান জেলা কংগ্রেস সভাপতি শঙ্কর মালাকার। এমনকী এদিনের বৈঠকে তৃণমূলের বিরুদ্ধে দল ভাঙানোর চেষ্টার অভিযোগও জানান তিনি। যদিও তাঁর ওই অভিযোগকে গুরুত্ব দিতে চাননি তৃণমূলের দার্জিলিং জেলা সভাপতি তথা উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী গৌতম দেব। এমনকী আসন্ন মহকুমা পরিষদ ভোটে প্রয়োজনে যে কোনও দলের সঙ্গে জোটে যেতে পারেন বলেও ইঙ্গিত দিয়ে রাখেন তিনি।

এ দিন দলের পক্ষ থেকে জানানো হয়েছে, শনিবার শিলিগুড়ির বর্ধমান রোডের একটি বেসরকারি ভবনের সভাকক্ষে পাঁচটি সাংগঠনিক জেলার নেতাদের নিয়ে একটি বৈঠক ডাকা হয়েছে। দলীয় সূত্রে খবর, তাতে উপস্থিত থাকবেন দার্জিলিং পাহাড় ও সমতল, জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ারের জেলা, ব্লক ও অঞ্চল স্তরের পদাধিকারীরা।

এদিন বৈঠকে শঙ্করবাবু অভিযোগ করেন, তাঁদের নকশালবাড়ির এক নেতার ছেলেকে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে তাঁকে দলে টানার চেষ্টা করছে তৃণমূল। তিনি বলেন, ‘‘তৃণমূল শিলিগুড়ি পুরসভায় ঘোড়া কেনাবেচা করতে গিয়ে ফল টের পেয়েছে। মহকুমা পরিষদেও যদি এমন করতে যায়, তার জবাবও তারা পেয়ে যাবে জনতার কাছ থেকে।’’ যদিও এমন অভিযোগের কোনও ভিত্তি নেই বলে দাবি করেন গৌতমবাবু। তিনি বলেন, ‘‘ওঁরা কটি আসন পেয়েছেন, তা বিচার করে দেখুন। যে দলের কোনও প্রাসঙ্গিকতা নেই তাদের নেতার বক্তব্যের প্রেক্ষিতে কোনও মন্তব্য করব না।’’

রাজ্য সরকারের খড়িবাড়িকে মডেল মহকুমা বানাতে চাওয়ার প্রস্তাবকেও কটাক্ষ করা হয় জেলা কংগ্রেসের পক্ষ থেকে।

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy