Advertisement
E-Paper

দোলের সকালে মুখ্যমন্ত্রীর কেন্দ্রে হাজির শুভেন্দু, জমায়েত সঙ্গে নিয়ে রং মাখলেন, গাইলেন গানও

সম্প্রতি ভবানীপুরে বিরোধী দলনেতাকে বার কয়েক দেখা গিয়েছে। শুধু তা-ই নয়, মুখ্যমন্ত্রীর কেন্দ্রে একটি ‘ওয়ার রুম’ও গঠন করেছেন। দোলের সকালেও সেখানে হাজির হয়ে উৎসব পালন করলেন শুভেন্দু।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০৩ মার্চ ২০২৬ ১০:২৬
ভাবনীপুরে দোল উদ্‌যাপনে শুভেন্দু অধিকারী। নিজস্ব চিত্র।

ভাবনীপুরে দোল উদ্‌যাপনে শুভেন্দু অধিকারী। নিজস্ব চিত্র।

ভবানীপুরে আবার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মঙ্গলবার সকালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিধানসভা কেন্দ্রে যান শুভেন্দু। সেখানে দোল উৎসব পালন করেন। প্রচুর বিজেপি কর্মী-সমর্থক হাজির হয়েছিলেন সেখানে। তিনি বলেন, ‘‘নাস্তিকতা নিপাত যাক। সেকুলারিজ়ম নিপাত যাক। হিন্দুরা যাতে পশ্চিমবঙ্গে সুরক্ষিত থাকে এই প্রার্থনা করব।’’ তিনি দোলের শুভেচ্ছা জানান সকলকে। তার পর গান ধরেন, ‘গোরা গোরা গৌরাঙ্গ। তিনি আওয়াজ তোলেন, ‘‘হিন্দু-হিন্দু ভাই-ভাই।’’

প্রসঙ্গত, সম্প্রতি ভবানীপুরে বিরোধী দলনেতাকে বার কয়েক দেখা গিয়েছে। শুধু তা-ই নয়, মুখ্যমন্ত্রীর কেন্দ্রে একটি ‘ওয়ার রুম’ও গঠন করেছেন সম্প্রতি। তার পর থেকেই রাজনৈতিক মহলে জোর আলোচনা চলছে, তা হলে কি এ বার বিধানসভা ভোটে ভাবনীপুর কেন্দ্রে নিজেই প্রার্থী হচ্ছেন শুভেন্দু? গত কয়েক মাস ধরে ভাবনীপুরে যাতায়াত বাড়িয়েছেন তিনি। সম্প্রতি বৈঠকও করেন সেখানে। এ বার দোলের দিন সকালে সেখানে হাজির হয়ে কর্মী-সমর্থকদের নিয়ে দোল উৎসবও পালন করলেন। ভাবনীপুরে তিনি বিধানসভা ভোটে নিজেই লড়তে নামছেন কি না তা নিয়ে জল্পনা আরও বাড়ল।

মুখ্যমন্ত্রীর কেন্দ্রে যাতায়াত, বৈঠক, ‘ওয়ার রুম’ গঠন করা— এ সব কি তা হলে এই কেন্দ্রে তাঁর প্রার্থী হওয়ার ভিত তৈরি করার এ রকম আয়োজন? বিধানসভা ভোটের আগে রাজ্য রাজনীতিতে ‘হাই ভোল্টেজ’ জল্পনা উস্কে দিচ্ছেন বিরোধী দলনেতা, রাজনীতির পণ্ডিতেরা অন্তত তেমনই মনে করছেন। বিজেপি নেতৃত্বের ধারণা, এ বারের বিধানসভা নির্বাচনে মুখ্যমন্ত্রী নিজের বিধানসভা কেন্দ্র থেকেই প্রতিদ্বন্দ্বিতা করবেন। তাই এ বার ভবানীপুরে যাতে মুখ্যমন্ত্রীকে কড়া প্রতিদ্বন্দ্বিতার মুখে ফেলা যায়, সেই প্রস্তুতি নিতে বিরোধী দলনেতা শুভেন্দুকে নির্দেশ দিয়েছেন বিজেপি নেতৃত্ব। আর দলের সেই নির্দেশ কার্যকর করতে কোমর বেঁধে নেমেছেন তিনি।

প্রসঙ্গত, ২০২১ সালের বিধানসভা নির্বাচনে মুখ্যমন্ত্রী নিজের বিধানসভা কেন্দ্র ভবানীপুর ছেড়ে শুভেন্দুর বিরুদ্ধে লড়াই করতে গিয়েছিলেন নন্দীগ্রামে। কিন্তু নন্দীগ্রামে শুভেন্দুর কাছে পরাজিত হলে পরবর্তী সময়ে ভবানীপুর বিধানসভার উপনির্বাচনে জিতে মুখ্যমন্ত্রী হওয়ার সাংবিধানিক শর্ত পূরণ করেছিলেন তিনি। তাই অনেকে মনে করছেন, ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে মুখ্যমন্ত্রীকে ধাক্কা দিতে চান বিরোধী দলনেতা। তাই প্রতি সপ্তাহে কম করে একবার ভবানীপুর বিধানসভায় বিজেপির নানা কর্মসূচিতে অংশ নিচ্ছেন তিনি। বিরোধী দলনেতা এই কেন্দ্র থেকে প্রার্থী হতেও পারেন বলেও আলোচনা তুঙ্গে।

BJP Dol Yatra Holi Celebration
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy