রবিবার সকাল থেকেই পূর্ব রেলের হাওড়া শাখায় ট্রেন চলাচলে বিভ্রাট। যার জেরে নাকাল হতে হয় যাত্রীদের। ঘণ্টাখানেক আপ এবং ডাউনের ট্রেন চলাচল বন্ধ ছিল। তার পর পরিষেবা চালু হলেও বেশির ভাগ ট্রেনই দেরিতে চলছে। রিষড়া স্টেশনের কাছে আন্ডারপাসের কাজ চলছে। তার জন্য পূর্ব রেলের তরফে আগেই নোটিস জারি করে জানানো হয়েছিল, কোন কোন ট্রেন বাতিল থাকবে। কোনগুলির পথ ঘুরিয়ে দেওয়া হবে। শনিবার রাত থেকেই ট্রেন বাতিল করা হয়। কিন্তু রবিবার বাতিল থাকা ট্রেন ছাড়াও বাকি ট্রেনগুলি চলাচলে সমস্যা হয়। ফলে যাত্রীদের ভোগান্তির মুখে পড়তে হয়।
ছুটির দিনে এমনিতেই কম ট্রেন থাকে। রিষড়া লাইনে কাজের জন্য সেই সংখ্যাটা আরও কমেছে। যে সমস্ত ট্রেন চলছে তাও অনিয়মিত। ব্যান্ডেল থেকে হাওড়ার এক নিত্য যাত্রী জানিয়েছেন, সকাল সাড়ে ৬টায় হাওড়াগামী ব্যান্ডেল লোকাল ট্রেন ছাড়া পর থেকে এই রুটে প্রায় এক ঘণ্টা কোনও ট্রেন ছিল না। ডাউন লাইনে ৬টা ৫০ মিনিটে যে ট্রেন ছাড়ার কথা ছিল তা ছাড়ে ৭টা ৫০ মিনিটে। ব্যান্ডেল স্টেশনে ঘোষাণা করা হয়, রিষড়ায় কাজের জন্য ট্রেন ছাড়তে দেরি হচ্ছে। আপ এবং ডাউন লাইনে অনেক ট্রেন দাঁড়িয়ে।
আরও পড়ুন:
এক ঘণ্টা পরে ডাউন লাইনে ট্রেন চলাচল শুরু হয়। ব্যান্ডেল স্টেশনে ঢোকে কামাখ্য়া-হাওড়া ডাউন বন্দে ভারত এক্সপ্রেসও। আপ লাইনেও একটি-দু’টি করে ট্রেন চলতে শুরু করেছে তবে ট্রেন চলাচল এখনও সম্পূর্ণ স্বাভাবিক হয়নি। বেশির ভাগ ট্রেনই দেরিতে চলছে।
ট্রেনে হাওড়া থেকে ব্যান্ডেল রোজ যাতায়াত করেন এমন এক যাত্রী জানান, শনিবার রাতে হাওড়া থেকে শেষ ট্রেন কিছু ক্ষণ দেরিতে ছেড়েছিল। যাত্রীদের ভিড়ও বেশি ছিল। তার পরে রবিবার সকাল থেকেই ফুটে উঠল যাত্রীদের নাকাল হওয়ার ছবি।