দুই দিনের উত্তরবঙ্গ সফরে আসছেন ভারতের রাষ্ট্রপতি দ্রোপদী মুর্মু। রাষ্ট্রপতি হওয়ার পর এই প্রথম তিনি উত্তরবঙ্গে আসছেন। গোটা উত্তরবঙ্গে কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে।
সূত্রের খবর, শুক্রবার বিকেলে বাগডোগরায় নামবেন রাষ্ট্রপতি। সেখান থেকে তিনি যাবেন লোকভবনে। লোকভবনে একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা তাঁর। উদ্বোধন করবেন দার্জিলিং হিল ফেস্টিভ্যালের। সেইদিন রাজভবনে কাটিয়ে পরের দিন অর্থাৎ শনিবার গোঁসাইপুরে পৌঁছবেন। সেখানে আদিবাসীদের একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা তাঁর। প্রথমে এই অনুষ্ঠান বিধাননগরে হওয়ার কথা থাকলেও নিরাপত্তার কারণে তা সরিয়ে আনা হয়েছে গোঁসাইপুরে। সেখান থেকেই তিনি ভার্চুয়ালি বিধাননগরের অনুষ্ঠানের সূচনা করবেন। এমনকি, বৃক্ষরোপণ উৎসব হবে ভার্চুয়াল মাধ্যমে।
উল্লেখ্য, আদিবাসী সম্প্রদায়ের সংরক্ষণ, সংস্কৃতি, ভাষা, অর্থনীতিক উন্নয়ন সহ এইসব জনগোষ্ঠীর রক্ষণাবেক্ষণ কিভাবে করা উচিৎ ও তার পরিকল্পনা নিয়েই প্রতি বছর সম্মেলনের আয়োজন করে থাকে আন্তর্জাতিক সাঁওতাল কাউন্সিল। গতবার অসমে এই সম্মেলনের আয়োজন করা হয়েছিল। এই বিষয়ে নরেশকুমার মুর্মু বলেন, "আন্তর্জাতিক সাঁওতাল কাউন্সিলের নবম সম্মেলন আয়োজিত হতে চলেছে। গতবার অসমে এই অনুষ্ঠান হয়েছিল। এবারে সম্মেলনে দেশ বিদেশের বিভিন্ন বিশেষজ্ঞরা আসবেন। আর এই সম্মেলনের সূচনা করবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। উপস্থিত থাকবেন রাজ্যপাল।"