ট্রাকের ভিতর উপরে ইট। নীচে ‘অবৈধ’ ভাবে মজুত কয়লা। প্রশাসনের নজর এড়িয়ে এই কৌশলেই কয়লা পাচার হচ্ছে! গোপন সূত্র মারফত এই খবর পেয়ে অভিযান চালিয়ে বড় সাফল্য পেল বীরভূমের দুবরাজপুর থানার পুলিশ।
পুলিশ সূত্রে খবর, বৃহস্পতিবার রাতে ইট বোঝাই একটি ট্রাকে করে কয়লা পাচার হচ্ছে বলে গোপন সূত্রে পুলিশের কাছে খবর যায়। সেই মতো পুলিশও ফাঁদ পাতে। পিছু ধাওয়া করে ট্রাকটিকে পানাগর-দুবরাজপুর রাজ্য সড়কের জয়দেব মোড়ে ঘিরেও ফেলে পুলিশ। এর পরেই ট্রাক খুলে একের পর এক ইট সরাতেই বেরিয়ে আসে বিপুল কয়লা। পুলিশ জানিয়েছে, ওই ট্রাক থেকে অন্তত ১৫ টন কয়লা মিলেছে। যদিও ট্রাক-সহ যাঁরা গাড়িতে ছিলেন, সকলেই পালিয়ে যান।
কোথা থেকে এই বিপুল পরিমাণ কয়লা পাচার করা হচ্ছিল, কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল, কারা যুক্ত— তা তদন্ত করে দেখছে পুলিশ।