বিজেপি সরকারের শপথগ্রহণের দিন পুরুলিয়ায় উদ্ধার হয়েছিল পদ্মশিবিরের এক নেতার দেহ। তিন দিন পরে খুনের মামলা রুজু হল থানায়।
মৃত বিজেপি নেতার নাম হাবুলাল গোপ। বয়স ৪৫ বছর। স্থানীয় সূত্রে খবর, গত শনিবার সকালে পুরুলিয়া মফস্সল থানার কানালি গ্রামে তাঁকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয়। হাবুলালকে পুরুলিয়া মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হয়েছিল। কিন্তু কর্তব্যরত চিকিৎসক জানিয়ে দেন, আগেই মৃত্যু হয়েছে যুবকের। পরিবার খুনের অভিযোগ করেছিল। শেষমেশ মঙ্গলবার নিহতের পুত্র পুরুলিয়া মফস্সল থানায় লিখিত অভিযোগ করেছেন। তাঁর দাবি, বাবাকে রাজনৈতিক কারণে খুন হতে হয়েছে।
পুলিশ সূত্রে খবর, হাবুলাল আদতে জয়পুর বিধানসভার বেলডি গ্রামের বাসিন্দা। মফস্সল থানা এলাকায় একটি বিয়েবাড়িতে নিমন্ত্রিত অতিথি হিসাবে এসেছিলেন। তার পরেই রহস্যজনক ভাবে মারা যান। জয়পুরের বিজেপি বিধায়ক বিশ্বজিৎ মাহাতো অবশ্য শনিবারই অভিযোগ করেন যে, তাঁদের দলের নেতাকে খুন করা হয়েছে। তিনি বলেছিলেন, ‘‘পুলিশ ঘটনার তদন্ত করছে। আমরা খুনের সন্দেহ করছি।’’
আরও পড়ুন:
হাবুলালের মৃত্যুর পর তাঁর বাড়িতে গিয়েছিলেন জেলা বিজেপি নেতৃত্ব। মঙ্গলবার বিকেলে নিহতের ছেলের অভিযোগের ভিত্তিতে অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে খুনের মামলা রুজু করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। পুরুলিয়ার অতিরিক্ত পুলিশ সুপার জর্জ অ্যালেন জন বলেন, ‘‘অভিযোগের ভিত্তিতে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে।’’