অন্ধকারে তৃণমূল নেতার বাড়িতে হামলার অভিযোগ উঠল বিজেপি-র বিরুদ্ধে। শনিবার রাত সাড়ে ১০টা নাগাদ ঘটনাটি ঘটেছে বীরভূমের বোলপুরে।
সূত্রের খবর, বোলপুরের সুরুল এলাকার তৃণমূল নেতা বাবু দাস। অভিযোগ, তাঁর বাড়িতেই ওই রাতে হামলা চালায় বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা। বাড়ি লক্ষ্য করে প্রথমে ইটবৃষ্টি এবং পরে ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ করেন তিনি।
বোলপুরের বিজেপি নেতা সুমিতরঞ্জন মণ্ডল অভিযোগ অস্বীকার করে বলেন, “সুরুলে ওই তৃণমূল নেতা দীর্ঘ দিন ধরে মানুষের উপর অত্যাচার চালাচ্ছেন। এটা সাধারণ মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ৷ এই হামলাতে বিজেপির কোনও হাত নেই।’’ বরং তৃণমূলের কর্মীরা তাদের হুমকি দিচ্ছে বলে অভিযোগে সরব হয়েছেন তিনি। হুমকির অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।
এ নিয়ে উত্তেজনা রয়েছে এলাকায়। দু’পক্ষের মধ্যে যাতে কোনও অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয়, তার জন্য ঘটনাস্থলে রয়েছে পুলিশি প্রহরাও।