Advertisement
E-Paper

অভিষেকের সভা নিয়ে বিডিও-র কাছে অভিযোগ সিপিএমের

উদ্দেশ্য, লোকের ভিড় বাড়ানো। তাই যুব তৃণমূলের রাজ্য সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভাকে সরকারি সভা হিসাবে এলাকায় প্রচার করছে শাসকদল বলে অভিযোগ তুলল সিপিএম। আজ, শুক্রবার দুপুরে পুরুলিয়ার পাড়া থানার দুবড়া এলাকার ফুটবল ময়দানে ২১ জুলাই-এর প্রস্তুতি সভা করতে আসছেন সাংসদ তথা মুখ্যমন্ত্রীর ভাইপো অভিষেক। তার আগে পাড়ার বিডিও-র কাছে ওই মর্মে অভিযোগ জানানো হয়েছে সিপিএমের তরফে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১০ জুলাই ২০১৫ ০০:২৩

উদ্দেশ্য, লোকের ভিড় বাড়ানো। তাই যুব তৃণমূলের রাজ্য সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভাকে সরকারি সভা হিসাবে এলাকায় প্রচার করছে শাসকদল বলে অভিযোগ তুলল সিপিএম।

আজ, শুক্রবার দুপুরে পুরুলিয়ার পাড়া থানার দুবড়া এলাকার ফুটবল ময়দানে ২১ জুলাই-এর প্রস্তুতি সভা করতে আসছেন সাংসদ তথা মুখ্যমন্ত্রীর ভাইপো অভিষেক। তার আগে পাড়ার বিডিও-র কাছে ওই মর্মে অভিযোগ জানানো হয়েছে সিপিএমের তরফে। তাদের দাবি, তৃণমূলের কর্মীরা শুক্রবারের সভায় লোক টানার লক্ষ্যে সভাটিকে সরকারি সভা হিসাবে প্রচার করছে। দলের জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য দীননাথ লোধা বলেন, ‘‘লোক আনতে স্বনির্ভর গোষ্ঠীর সদস্য, অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কর্মী, আশা কর্মীদের কাছে সরকারি সভা হিসাবে প্রচার করে তাঁদের সভায় যাওযার জন্য জোর খাটাচ্ছে বলে আমাদের কাছে নির্দিষ্ট খবর রয়েছে।” পাড়ার বিডিও সমীরণ বারিক অবশ্য বলেন, ‘‘সিপিএমের তরফে অভিযোগ জানানো হলেও তার স্বপক্ষে নির্দিষ্ট প্রমাণ তারা দেয়নি। আমরা অভিযোগটি ঊর্ধ্বতন কর্তৃপক্ষর কাছে পাঠিয়েছি।” আর যুব তৃণমূলের রাজ্যের সাধারণ সম্পাদক সুশান্ত মাহাতো বলেন, ‘‘সম্পূর্ণ ভিত্তিহীন অভিযোগ করছে সিপিএম। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জনপ্রিয়তার কারনে এমনিতেই হাজার হাজার লোক সভায় আসবে।”

যুব তৃণমূলের দাবি, অন্তত ৩০-৩৫ হাজার লোক আসবেন অভিষেকের সভায়। রঘুনাথপুর সাঁওতালডিহি রাস্তার পাশেই অপেক্ষাকৃত ছোট মাঠে ভিড় যথেষ্ট হবে ধরে নিয়ে শুক্রবার দুপুরে দুই-তিন ঘণ্টার জন্য দুবড়ার উপর দিয়ে যান চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে। পুলিশ সূত্রের খবর, ঝাড়খণ্ডের বোকারো, চন্দনকেয়ারি থেকে রঘুনাথপুরের দিকে যাওয়া গাড়িগুলিকে সাঁওতালডিহি থেকেই কাকডিহা হয়ে ঘুরিয়ে দেওয়া হবে। আর রঘুনাথপুর থেকে সাঁওতালডিহিগামী গাড়িগুলিকে পুরুলিয়া-বরাকর রাজ্য সড়ক ধরে ঝাপড়া হয়ে পাড়া দিয়ে ঘুরিয়ে দেওয়া হবে। সভায় থাকছে কড়া পুলিশি নিরাপত্তা। মোতায়েন করা হচ্ছে দুশো-আড়াইশো পুলিশকর্মী। দুবড়ায় উপস্থিত থাকার কথা অতিরিক্ত পুলিশ সুপার-সহ জেলা পুলিশের অফিসারদের। কাল, শনিবার বাঁকুড়ায় অভিষেকের প্রস্তুতিসভা করার কথা।

Advertisement

পুরুলিয়া বা রঘুনাথপুরের মতো জায়গা বাদ দিয়ে তুলনায় কিছুটা প্রত্যন্ত এলাকা দুবড়ায় তৃণমূলের যুবরাজের প্রস্তুতিসভা ঘিরে জল্পনা শুরু হয়েছে। সিপিএমের দাবি, গত লোকসভা নির্বাচনের পরিসংখ্যান অনুযায়ী পাড়া বিধানসভা কেন্দ্রে ৮০০-রও বেশি ভোটে পিছিয়ে পড়ার ফলে তৃণমূল বিধানসভা ভোটের দিকে তাকিয়েই দুবড়ায় অভিষেককে দিয়ে সভা করাচ্ছে। তবে যুব তৃণমূলের নেতাদের বক্তব্য, পুরভোটের সময় ঝালদা, পুরুলিয়া, রঘুনাথপুরে সভা এবং রোড-শো করেছেন অভিষেক। দলের তরফে জেলার পর্যবেক্ষক হওয়ার পরে তিনি চাইছেন, বিভিন্ন এলাকায় সভা করতে। তাই পাড়াকে বেছে নেওয়া হয়েছে।

ঘটনা হল, অভিষেকের সভার পাল্টা হিসাবে দু’মাস পরেই পাড়া অথবা দুবড়াতেই দলের যুব সংগঠন ডিওয়াইএফের জেলা সম্মেলনে বড় জমায়েত করার পরিকল্পনা নিয়েছে সিপিএম।

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy