সাত নয়, তাঁদের সব খুন মাফ!
শাসক দলের ঘনিষ্ঠদের বিরুদ্ধে ওঠা অভিযোগ, কখনও ‘ছোট ঘটনা’, কখনও বা ‘বানানো ঘটনা’র সিলমোহর পেয়ে পুলিশ-প্রশাসনের ছাড় পেয়ে এসেছে। তৃণমূলের নেতা-মন্ত্রী-জনপ্রতিনিধির ক্ষেত্রে তার যে ব্যাতিক্রম হবে না বলাই বাহুল্য।
শুক্রবার ইলামবাজারে সংস্কারের জন্য বন্ধ এক সেতুর কাঠ-বাঁশ সরিয়ে মন্ত্রীর কনভয় যাওযার পথ করে দিয়ে সেই বিতর্ক ফের উস্কে দিলেন রাজ্যের প্রাণিসম্পদ বিকাশ মন্ত্রী স্বপন দেবনাথ। তাঁর সঙ্গে ছিলেন স্থানীয় সাংসলদ সুনীল মণ্ডল।
নিয়মের তোয়াক্কা না করা সত্ত্বেও, মন্ত্রী-কিংবা জনপ্রতিনিধির বিরুদ্ধে প্রসাসন যে কোনও কড়া পদক্ষেপ করবে না এটাই দস্তুর। তবে এ দিন ওই সেতুর উপর দিয়ে মন্ত্রীদের গাড়ি জোর করে যাওয়ার অভিযোগে কাজ বন্ধ করে দেন শ্রমিকেরা বলে জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে। বীরভূমের জেলাশাসক পি মোহন গাঁধী বলেন, “শ্রমিকদের কাজ বন্ধ রাখার কথা শুনেছি। তবে, সাময়িক অসুবিধে হয়েছিল। আজ শনিবার থেকে কাজ শুরু হবে।”
মন্ত্রী স্বপন দেবনাথ অবশ্য বলছেন, ‘‘জোর করে যাওয়ার প্রশ্ন নেই। ওই সেতু যে সংস্কার হচ্ছে, তা-জানতাম না। তবে স্থানীয় শ্রমিকরাই তো সেতুর এক পাশ দিয়ে যাওয়ার ব্যবস্থা করে দিয়েছিলেন।’’ মন্ত্রী-সঙ্গী সুনীলবাবু দাবি করেছেন, তাঁরা ওই সেতুর উপর দিয়ে যাওয়া সত্ত্বেও কোনও ক্ষতি হয়নি।
তবে এ দিন ওই সেতু সংস্কার বন্ধ দিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। জেলা প্রশাসনের এক কর্তা বলেন, ‘‘ক্ষুব্ধ শ্রমিকেরা স্পষ্টই জানিয়ে দিয়েছেন তাঁরা এ ভাবে কাজ করতে পারবেন না।’’ তবে, ওই কাজের দায়িত্বে থাকা পূর্ত দফতরের সহকারী ইঞ্জিনিয়ার সমরজিৎ সরকারের কথায়, “ গাড়ি চলাচল করার প্রতিবাদে শ্রমিকেরা কাজ বন্ধ করেছিলেন ঠিকই তবে, আজ, শনিবার থেকে ফের কাজ শুরু হবে।’’
এ দিন দুপুরে ইলামবাজার বিড়িও দফতরের পাশে ব্লকের উপভোক্তাদের ছাগল বিলির অনুষ্ঠান গিয়েছিলেন মন্ত্রী স্বপনবাবু এবং বর্ধমান (পূর্ব) সাংসদ সুনীল মণ্ডল। অভিযোগ, ওই অনুষ্ঠানে যাওয়ার পথে ৩৪ নম্বার রাজ্য সড়কের ওপর ইলামবাজারে সেতু সংস্কারের কাজ বন্ধ করে পারাপার করেন তাঁরা।
১ থেকে ১৫ অক্টোবর পর্যন্ত ওই সেতুর উপর দিয়ে যান চলাচলা করবে না বলে নির্দেশিকা রয়েছে বর্ধমান এবং বীরভূম দুই জেলা প্রশাসনের। তা সত্বেও, সংস্কার কাজ চলাকালীন জোর করে ওই সেতুর ওপর দিয়ে গাড়ি চালিয়েছেন বলে অভিযোগ। ফলে দুপুরে বারোটা নাগাদ এক বার মন্ত্রী এবং সাংসদের গাড়ি অনুষ্ঠানে যাওয়া এবং ফের ঘণ্টা খানেক পর ফেরায় অনুষ্ঠান থেকে ওই সেতুর ওপর দিয়ে ফেরায় সংস্কার কাজের ক্ষতি হয়েছে বলে অভিযোগ। তারই প্রতিবাদে এ দিন শ্রমিকেরা বিকেলের পর কাজ বন্ধ করে দেন।