স্ট্রংরুমের ভিতরে ঘণ্টাখানেক বিদ্যুৎ বিভ্রাট কাণ্ডে নিরবিচ্ছিন্ন পরিষেবা বজায় রাখতে তৎপরতা বাড়ানো হল রাজ্য বিদ্যুৎ বণ্টন সংস্থার তরফে।
দফতরের রামপুরহাট বিভাগীয় ম্যানেজার নীলাদ্রি শঙ্কর সাহা জানান, নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা চালু রাখতে আমরা বদ্ধ পরিকর। সে জন্য জরুরি ছাড়া আপাতত কোথাও শাটডাউন বা বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা যাবে না বলে কর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে। সেই সঙ্গে ঝড় বৃষ্টিতে কোথাও বিদ্যুৎবাহী খুঁটি ভেঙে পড়লে যুদ্ধকালীন ভিত্তিতে দ্রুত মেরামত করার জন্য কর্মীদের সতর্ক করা হয়েছে। পাশাপাশি কর্মীদের নজরদারি বাড়ানো হয়েছে।
উল্লেখ্য, রামপুরহাট কলেজে যেখানে রামপুরহাট, হাঁসন, নলহাটি, মুরারই চারটি বিধানসভার ইভিএম যন্ত্র স্ট্রংরুমে রাখা আছে সেখানে শুক্রবার দুপুরে ৩টে ২১ মিনিট থেকে ৪টে ২৫ মিনিট পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন ছিল। ঘটনায় ইভিএমের নিরাপত্তার প্রশ্ন তুলেছিলেন রামপুরহাট বিধানসভার তৃণমূল প্রার্থী আশিস বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী এজেন্ট সৈয়দ মৈনউদ্দিন হোসেন। শুক্রবার রাতে ইমেল মারফত তিনি সংশ্লিষ্ট বিধানসভার রিটার্নিং অফিসারের কাছে অভিযোগ দায়ের করেন।
মৈনউদ্দিনের দাবি, নির্বাচন কমিশনের গাইডলাইন অনুযায়ী, লোডশেডিং চলাকালীন স্ট্রংরুমে অটো সিস্টেম জেনারেটর চালু থাকলে তার সঙ্গে নজরদারি ক্যামেরার কানেকশন থাকা উচিত। তিনি মেলে এই বিষয়টি ও স্ট্রংরুমের নিরাপত্তা যে সুরক্ষিত ছিল সে বিষয়ে ওই কেন্দ্রের প্রত্যেক প্রার্থীকে জানানোর দাবি জানান। একই সঙ্গে বিষয়টিতে তৃণমূল প্রার্থী আশিস বন্দ্যোপাধ্যায় ও বিজেপি প্রার্থী ধ্রুব সাহা প্রশাসনিক পদক্ষেপ দাবি করেন। আশিস বলেন, “স্ট্রংরুমের অন্ধকারাচ্ছন্ন পরিবেশ বাঞ্ছনীয় নয়।” ধ্রুব বলেন, “স্ট্রংরুমে প্রায় ঘণ্টাখানেক বিদ্যুৎ বিচ্ছিন্নতা সংবেদনশীল।”
ঘটনা পরম্পরায় শনিবার রাতে তৃণমূল ও বিজেপি কর্মীরা স্ট্রংরুমের সিসিটিভি ঠিকমতো কাজ করছে না বলে অভিযোগ করেন। অভিযোগের তদন্তে রাতেই রামপুরহাট কলেজে যান রামপুরহাট বিধানসভার রিটার্নিং অফিসার তথা রামপুরহাট মহকুমাশাসক অশ্বিন বাবু সিংহ রাঠৌর। তিনি জানান, ঝড়বৃষ্টির জন্য ইন্টারনেট পরিষেবার সমস্যা হওয়ায় সিসিটিভিতে ছবির কিছু সমস্যা হচ্ছিল। বিষয়টি রাজনৈতিক দলের কর্মীদের বুঝিয়ে বলা হয়। তিনি আরও জানান শুক্রবার দুপুরে বিদ্যুৎ দফতরের রাজ্য বিদ্যুৎ সরবরাহকারী সংস্থা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেক্ট্রিসিটি ট্রান্সমিশন কোম্পানির রামপুরহাটের মনসুবা ১৩২ কেভি সাবস্টেশনে ব্রেকডাউনের জন্য যান্ত্রিক গোলযোগে ঘণ্টাখানেক লোডশেডিং ছিল। তবে স্ট্রংরুমে পূর্ত দফতরের অটো সিস্টেম জেনারেটর চালু ছিল। সেই কারণে কোনও সমস্যা হয়নি। আপাতত জরুরি ছাড়া কোনও রকম শাটডাউন না করার নির্দেশ দেওয়া হয়েছে বিদ্যুৎ দফতরকে বলে জানান মহকুমাশাসক।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)