ঘনিষ্ঠতার সুযোগ নিয়ে একটি পরিবারের ৫০ ভরি সোনা চুরির অভিযোগে বুধবার রাতে বর্ধমানের ভাতার থানার নারায়ণপুর থেকে বাবা ও ছেলেকে গ্রেফতার করল পুলিশ। চুরির ঘটনাটি ঘটে আরামবাগের ডিহিবয়রা গ্রামে। পুলিশ জানায় ধৃতদের নাম মুক্ত মাজি এবং হারাধন মাজি। বৃহস্পতিবার ধৃতদের আরামবাগ আদালতে তোলা হলে পাঁচ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন বিচারক। পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্তরা ডিহিবয়রা এলাকার একটি দিঘিতে মাছ ধরতে এসেছিল। সেই সূত্রে স্থানীয় মাছ শিকারি তাপস পাত্রর সঙ্গে আলাপ ও ঘনিষ্ঠতার সুবাদে তাঁর বাড়িতে যাতায়াত শুরু করে তারা। গত ৩ অগস্ট রাতে বাবা ও ছেলে তাপসবাবুর বাড়িতে ছিল। পরদিন ভোর ৪টে নাগাদ তারা চলে যায়। পরে তাপসবাবুর স্ত্রী বিভা দেবী দেখেন আলমারির চাবি খোলা। ভিতর থেকে সোনায় গয়নাগাটি উধাও। ওই দিনই থানায় অভিযোগ দায়ের করেন তাপসবাবু। যদিও ধৃতদের দাবি, তাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করা হয়েছে। পুলিশ জানায় তদন্ত চলছে।