অর্থ-তছরুপের অভিযোগে সাঁইথিয়া ব্লকের বিআইও-(ব্লক ইনফরমেশন অফিসার) সন্দীপন প্রামাণিককে গ্রেফতার করল পুলিশ। ঘটনা বুধবার সন্ধের। পুলিশ ও প্রশাসন সূত্রে খবর, বার্ধক্য ভাতা-সহ বিভিন্ন ভাতা নিয়ে নানা দুর্নীতির অভিযোগ উঠছিল সাঁইথিয়া ব্লকের বিরুদ্ধে। তার অভিযোগের জেরেই, এ দিন সাঁইথিয়ার বিডিও অতনু ঝুড়ি ওই আধিকারিকের বিরুদ্ধে সাঁইথিয়া থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগ পাওয়ার পর পুলিশ ওই আধিকারিককে গ্রেফতার করে।
সাঁইথিয়া ব্লক সূত্রে জানা যায়, সন্দীপনবাবুর বিরুদ্ধে মূলত অভিযোগ, তিনি সরকারি বার্ধক্য ভাতার তালিকায় বেশ কিছু ভুয়ো নাম ঢুকিয়ে ওই টাকা আত্মসাৎ করতেন। পুলিশ জানায় আজ বৃহস্পতিবার তাঁকে সিউড়ি আদালতে তোলা হবে। এ দিন সন্দীপনবাবুকে গ্রেফতার করা হলেও, তদন্তে এই ঘটনায় আরও কয়েকজন জড়িত বলে মনে করা হচ্ছে। বিডিও বলেন ‘‘অভিযোগ উঠেছিল, পুলিশে জানানোয় গ্রেফতার করা হয়েছে। কমপিউটারটিও সিজ করা হয়েছে।’’