জেলায় সভা করতে আসছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। আজ, সোমবার বাঘমুণ্ডির ছাতাটাঁড় ময়দানে সভা করবেন তিনি। উপস্থিত থাকার কথা স্থানীয় বিধায়ক তথা কংগ্রেসের জেলা সভাপতি নেপাল মাহাতোর। জেলার মধ্যে কংগ্রেসের শক্ত ঘাঁটি বলে পরিচিত এই বাঘমুণ্ডিতেই ডিসেম্বরের তৃতীয় সপ্তাহে সভা করে গিয়েছিলেন যুব তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই সভা ঘিরে রাজনৈতিক উত্তেজনাও তৈরি হয়েছে জেলায়। স্থানীয় রাজনৈতিক মহল অধীর চৌধুরীর এই সভাকে তাই অভিষেকের পাল্টা সভা হিসাবেই দেখছেন। কংগ্রেসের ব্লক সভাপতি বিভূতি মাহাতোও বলেন, ‘‘তৃণমূলের সভা থেকে অনেকে ভিত্তিহীন কথা বলে চলে গিয়েছেন। এ দিনের সভায় আমরা আসল সত্যিটা তুলে ধরব।’’ এ দিকে রবিবার, অধীরের সভার আগের দিনই পুরুলিয়া শহরের পাঁচ নম্বর ওয়ার্ডের পাঁচ তৃণমূল কর্মী কংগ্রেসে যোগ দিয়েছেন। জেলা কংগ্রেসের সহ-সভাপতি রথীন্দ্রনাথ মাহাতো তাঁদের হাতে দলীয় পতাকা তুলে দেন।
অন্য দিকে, কাল, মঙ্গলবার দলের কর্মীদের মনোবল চাঙ্গা করতে বিষ্ণুপুর বাসস্ট্যান্ডে জনসভা করবেন আসছেন প্রদেশ কংগ্রেস সভাপতি । সেই জনসভায় লোক টানতে শনিবার শহরের চৌমাথা রবীন্দ্র স্ট্যাচুর মোড়ে পথসভা করল বিষ্ণুপুর ব্লক কংগ্রেস।