এক বালিকাকে স্টেশনে একা ঘুরে বেড়াতে দেখে তাকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যায় বছর আটেকের এই বালিকাকে আদ্রা-চান্ডিল শাখার বরাভূম স্টেশনে ঘুরতে দেখা যায়। পরে মেয়েটিকে চাইল্ড লাইনের হাতে তুলে দেওয়া হয়। জেলা চাইল্ড লাইনের কো-অর্ডিনেটর দীপঙ্কর সরকার জানিয়েছেন, মেয়েটির নাম লক্ষ্মী ভদ্র। মেয়েটি জানিয়েছে, তার বাবার নাম সীতারাম ভদ্র। বাড়ি ঝাড়খণ্ডের পশ্চিম সিংভূম জেলার গোপালপুর গ্রামে। তার সঙ্গে একটি স্কুল বেল্ট রয়েছে। কিন্তু কী ভাবে সে বরাভূম স্টেশনে চলে এসেছে বোঝা যাচ্ছে না। কিছুটা ভয় পেয়ে থাকার জন্য ভাল করে কথাও বলতে পারছে না মেয়েটি। শুক্রবার এই বালিকাকে হোমে পাঠানোর জন্য চাইল্ড লাইনকে অনেক কাঠখড় পোড়াতে হয়। দীপঙ্করবাবু জানিয়েছেন, এ দিন জেলাশাসক ছিলেন না। কিন্তু অন্য কোনও আধিকারিকের কাছে গিয়ে এই মেয়েটিকে হোমে পাঠানোর জন্য অর্ডার করাতে তাঁরা পারেননি। শেষে জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের সদস্য সচিব রোহন সিংহের নির্দেশে মেয়েটিকে হোমে পাঠানো হয়। লক্ষ্মীর আপাতত ঠিকানা পুরুলিয়ার আনন্দমঠ হোম।