Advertisement
E-Paper

আইপ্যাকের নাম ভাঙিয়ে ভোটে তৃণমূলের টিকিট পাইয়ে দেওয়ার নামে প্রতারণা, গ্রেফতার পুরুলিয়ার যুবক

রঘুনাথপুর এলাকার এক ব্যক্তির কাছ থেকে ভোটে টিকিট পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে লক্ষাধিক টাকা দাবি করেছিলেন রত্নদীপ মাহাতো।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০৬ মার্চ ২০২৬ ২০:২৬
Purulia youth arrested for fraud in getting election tickets by using IPAC name

—প্রতীকী ছবি।

বিধানসভা নির্বাচনে তৃণমূলের টিকিট পাইয়ে দেওয়ার নামে প্রতারণার ঘটনা সামনে এল। পরামর্শদাতা সংস্থা আইপ্যাকের নাম ভাঙিয়ে ভোটে শাসকদল তৃণমূলের প্রার্থী করার টিকিট পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে প্রতারণার অভিযোগে এক যুবককে গ্রেফতার করল কলকাতার শেক্সপিয়র সরণি থানার পুলিশ। ধৃতের নাম রত্নদীপ মাহাতো। তিনি পুরুলিয়া জেলার বাসিন্দা বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।

কলকাতা পুলিশ সূত্রে খবর, রঘুনাথপুর এলাকার এক ব্যক্তির কাছ থেকে ভোটে টিকিট পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে লক্ষাধিক টাকা দাবি করেছিলেন রত্নদীপ। অভিযোগ, তিনি নিজেকে রাজনৈতিক কৌশল নির্ধারণকারী সংস্থা আইপ্যাকের সঙ্গে যুক্ত বলে দাবি করেন এবং আসন্ন নির্বাচনে প্রার্থী হওয়ার জন্য দলীয় টিকিট পাইয়ে দিতে পারবেন বলে আশ্বাস দেন। সেই বিশ্বাসে অভিযোগকারী ব্যক্তির কাছ থেকে মোটা অঙ্কের টাকা নেওয়ার চেষ্টা করা হয় বলেও অভিযোগ। পরে বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায় ওই ব্যক্তি কলকাতা পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে শেক্সপিয়র সরণি থানার পুলিশ। তদন্তে নেমে পুলিশ জানতে পারে, আইপ্যাকের সঙ্গে ধৃত যুবকের কোনও সম্পর্কই নেই। সংস্থার নাম ব্যবহার করেই তিনি প্রতারণার চেষ্টা করছিলেন।

এর পরেই অভিযান চালিয়ে রত্নদীপকে গ্রেফতার করা হয়। পুলিশ তাঁকে জিজ্ঞাসাবাদ করে এই প্রতারণা চক্রে আর কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখছে। পাশাপাশি, তিনি এর আগে অন্য কাউকে একই ভাবে প্রতারণা করেছেন কি না, তা-ও খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।

IPAC Election Tickets arrest
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy